১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

এমবাপের চোট নিয়ে জিদানের ভয়, ‘অবস্থা ভালো নয়’

ফ্রান্সের কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেক ম্যাচে গোল করার পরপরই চোটে পড়েন কিলিয়ান এমবাপে, তাকে নিয়ে বড় দুর্ভাবনায় এখন রেয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 11:21 AM

Updated : 26 Sep 2026, 06:33 PM

চোট পাওয়ার পরই মোটামুটি পরিষ্কার হয়ে যায়, অবস্থা খুব সুবিধের নয়। মাঠে পড়ে কাতরাচ্ছিলেন কিলিয়ান এমবাপে। ম্যাচের পর সেটিই নিশ্চিত করলেন জিনেদিন জিদান। ফ্রান্সের কোচ জানালেন, জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাবেন তার দলের অধিনায়ক। তাতে বড় দুর্ভাবনায় এখন রেয়াল মাদ্রিদ।

ফ্রান্সের কোচ হিসেবে জিদানের অভিষেক ম্যাচটি হরিষে বিষাদ হয়ে আসে এমবাপের জন্য। তুরস্কের বিপক্ষে শুক্রবার ৫৫তম মিনিটে তার গোলে এগিয়ে যায় দল। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচে গড়ে দেয় ব্যবধান। কিন্তু গোলের পরপরই বাধে বিপত্তি।

হাঁটুতে ওই চোট তিনি কীভাবে পেলেন, নিশ্চিত নয় তা। ওই সময়ে তার আশেপাশে প্রতিপক্ষের কেউ ছিল না, কোনো সংষর্ষও হয়নি। ধারণা করা যেতে পারে, শট নেওয়ার পরপরই তিনি ব্যথা অনুভব করেন। হাঁটুতে হাত দিয়ে তিনি মাঠে বসে পড়েন এবং যন্ত্রণায় মুখ বিকৃত করে বাঁহাঁটু ঘষতে থাকেন।

প্রাথমিক চিকিৎসার পর যদিও তিনি মাঠে ফিরে ফেরেন, কিন্তু দ্রুতই তিনি আবার পড়ে যান এবং তাকে মাঠ থেকে তুলে নিতে হয়। হালকা খুঁড়িয়ে মাঠ ছাড়েন ২৭ বছর বয়সি তারকা।

ম্যাচের পর ফরাসি টেলিভিশনকে জিদান জানান, জাতীয় দল ছেড়ে যেতে হবে ফ্রান্সের সফলতম গোলস্কোরারকে।

“নাহ, অবস্থা ভালো নয়। দুর্ভাগ্যবশত, এটা ভালো মনে হচ্ছে না। তাকে ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নেব না, শট নেওয়ার সময় তার হাঁটুতে টান লেগেছে। অবস্থা খুব একটা আশাব্যঞ্জক নয়।”

ফরাসি ফুটবল ফেডারেশন পরে নিশ্চিত করেছে যে, এমবাপে “টেন্ডনের চোটে ভুগছেন এবং ক্যাম্পের বাকি অংশে অংশ নিতে পারবেন না।”

ফ্রান্সের জন্য এটি বড় ধাক্কা। এই আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগে আরও তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে ফ্রান্সের, যার দুটি বেলজিয়ামের বিপক্ষে, একটি ইতালির বিপক্ষে।

এমবাপের চোট কতটা গুরুতর, এটা জানতে উৎকণ্ঠাময় অপেক্ষা করবে রেয়াল মাদ্রিদও। মৌসুমের শুরুটা এমনিতেই ভালো করতে পারেনি তারা। এখন এমবাপে ছিটকে পড়লে আরও কোণঠাসা হয়ে পড়তে পারে তারা।