১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধারে বার্সেলোনায় ফিরলেন কান্সেলো

মৌসুমের বাকি সময়ে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের হয়ে খেলবেন এই পর্তুগিজ ডিফেন্ডার।

ধারে বার্সেলোনায় ফিরলেন কান্সেলো
বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে জোয়াও কান্সেলো। ছবি: বার্সেলোনা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 10:27 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

সব ঠিক হয়েই ছিল, এবার আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো। সদ‍্য স্প‍্যানিশ সুপার কাপ জেতা বার্সেলোনা শক্তি বাড়াল রক্ষণে। আল হিলাল থেকে ধারে কাতালান ক্লাবটিতে ফিরলেন পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কান্সেলো।

২০২৩ সালে ম‍্যানচেস্টার সিটি থেকে ধারে এক বছরের জন‍্য বার্সেলোনায় খেলতে এসেছিলেন কান্সেলো। সেবার লা লিগায় ৩২ ম‍্যাচে খেলছিলেন তিনি। তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা ৩২ বছর বয়সী ডিফেন্ডার আল হিলালে যোগ দেন ২০২৪ সালের অগাস্টে।

বার্সেলোনা মঙ্গলবার এক বিবৃতিতে কান্সেলোর কাম্প নউয়ে ফেরার খবর জানায়।

“মৌসুমের শেষ পর্যন্ত পর্তুগিজ ফুলব‍্যাকের ধারে খেলা নিয়ে সমঝোতায় চুক্তি করেছে বার্সেলোনা ও আল হিলাল। সে এখানে দুই নম্বর জার্সি পরবে।”

গত বছর দুটি হ‍্যামস্ট্রিংয়ের চোটে দুই মাস মাঠের বাইরে ছিলেন কান্সেলো। ক্লাব বিশ্বকাপের আগে ফেরেন তিনি। শেষ ষোলোয় ম‍্যানচেস্টার সিটিকে ৪-৩ ব‍্যবধানে বিদায় করার পথে একটি গোলে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

২০১৮-১৯ মৌসুমে নেশন্স লিগ জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন কান্সেলো। চলতি বছরের বিশ্বকাপের জন‍্য বাছাইয়ে দুটি গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রাখেন তিনি।  

লা লিগার চূড়ায় থাকা বার্সেলোনা আগামী বৃহস্পতিবার কোপা দেল রের ম‍্যাচে রেসিংয়ের মুখোমুখি হবে।