সাবিনাদের ফ্র্যাঞ্চাইজি লিগের নিশ্চয়তা দিল বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করার কথা দৃঢ় কণ্ঠে জানালেন।
ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে মেয়েদের ফুটবলে ফ্র্যাঞ্চাইজি লিগ চালুর ব্যাপারে আশাবাদী মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান দৃঢ় কণ্ঠে বলেছেন, এবার সেই টুর্নামেন্ট অবশ্যই হবে।
অনেক আলোচনার পরও গত বছর মাঠে গড়ায়নি মেয়েদের ফুটবলের ফ্র্যাঞ্চাইজি লিগ। শুরুতে এ নিয়ে অনেক উচ্ছ্বাস শোনা গেলেও শেষ পর্যন্ত পৃষ্ঠপোষক সংকট, ক্লাবগুলোর খেলতে অনাগ্রহসহ অনেক জটিলায় আলোর মুখ দেখেনি উদ্যোগটি।
গতবারের সেই উদ্যোগে বাফুফের সঙ্গে যুক্ত ছিল কে-স্পোর্টস। সংস্থাটির সত্ত্বাধিকারী ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম বাফুফের গত নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এ কারণে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে কিরণ আরও বেশি সম্ভাবনা দেখছেন।
“আমরা গতবার করতে পারিনি কিছু সমস্যার কারণে। স্পন্সর জটিলতা বেশি ছিল। এখন ফাহাদ ভাই (কে স্পোর্টসের স্বত্বাধিকারী এবং বাফুফের নব নির্বাচিত সহসভাপতি) কমিটিতে আছেন। ইতোমধ্যে আমরা কথা বলেছি নিজেদের মধ্যে। আগামী বছর ফ্র্যাঞ্চাইজি লিগ করব। আপনারা নিশ্চিত থাকুন, এবার ফ্র্যাঞ্চাইজি লিগ হবে।”
গত মৌসুমে মেয়েদের লিগ হলেও অংশ নেয়নি বসুন্ধরা কিংসের মতো বড় দল। তাতে লিগ জমেনি। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন নারী ফুটবলাররা। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে রোববার বাফুফে ভবনে ওয়ালটনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে কিরণ কথা বললেন লিগ নিয়েও। সেখানেও তার কণ্ঠে ফুটে উঠল অসহায়ত্ব।
“লিগে যেন ক্লাবগুলো অংশগ্রহণ করে, এ ব্যাপারে আগেও আমাদের উদ্যোগ ছিল, এবারও থাকবে। আসলে আমরা কেবল ক্লাবগুলোকে অনুরোধই করতে পারি। আমার বিশ্বাস, মেয়েরা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, ক্লাবগুলো চিন্তা করবে, এবার তাদের লিগে অংশ নেওয়া উচিত। আমরা ক্লাবগুলোকে কেবল অনুরোধই করতে পারি, বাধ্য করতে পারি না।”
“তবে আমার বিশ্বাস, এবার লিগ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। মেয়েরা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। আমি চাই লিগ আরো শক্তিশালী হোক, বড় দলগুলো খেলুক। এবার লিগ ভালো হবে আশা করছি।”
