‘বাবা, এমবাপে তোমার চেয়ে ভালো’, রোনালদোকে বলেন তার ছেলে
এমবাপের প্রতি নিজের ছেলের ভালোলাগার কথা তুলে ধরলেন পর্তুগিজ মহাতারকা।
অনেকের কাছে হয়তো ক্রিস্তিয়ানো রোনালদো সর্বকালের সেরা ফুটবলার। তবে তার পরিবারের সবাই এতে একমত নয়। পর্তুগিজ মহাতারকা বললেন, তার নিজের ছেলে বেশি পছন্দ করে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে।
৩৯ বছর বয়সেও ফুটবলের আঙিনায় দুর্বার গতিতে ছুটছেন রোনালদো। এই মৌসুমে ১৬ ম্যাচে ১৪ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরার আল নাস্র ফরোয়ার্ড।
আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার তিনি অনেক দিন ধরেই। এখন ছুটছেন ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার দিকে। তার মোট গোল এখন ৯২০টি। তবে তার ৫ বছর বয়সী ছেলে মাতেওকে মুগ্ধ করার জন্য যথেষ্ট নয় এসব।
স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘লা সেকসতা’কে দেওয়া সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন দ’র জয়ী রোনালদো মজা করে বললেন, তার ছেলের চোখে তাকে ছাড়িয়ে গেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা এমবাপে।
“মাতেও, সে এমবাপেকে খুব পছন্দ করে। সে মাঝেমধ্যে আমাকে বলে: ‘বাবা, এমবাপে তোমার চেয়ে ভালো।’ তখন আমি উত্তর দিয়ে বলি: ‘না, আমি তার চেয়ে ভালো, আমি বেশি গোল করেছি (হাসি)। বিষয়টা মজার।”
এমবাপে সেই ছোটবেলা থেকেই আদর্শ মানেন রোনালদোকে। গত গ্রীষ্মের দলবদলে তিনি যোগ দেন রোনালদোর সাবেক ক্লাব রেয়াল মাদ্রিদে। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রেয়ালের হয়ে ক্লাব রেকর্ড ৪৫০ গোল করেন রোনালদো।
চলতি মৌসুমে লা লিগায় ১৯ ম্যাচে ১৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে আছেন ২৬ বছর বয়সী এমবাপে।
