২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শীর্ষ চারে থাকবে ইউভেন্তুস, বিশ্বাস কোচের

সেরি আয় শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াই দারুণ জমে উঠেছে।

শীর্ষ চারে থাকবে ইউভেন্তুস, বিশ্বাস কোচের
ইউভেন্তুস কোচ ইগর টুডর। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 10:22 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

তিন দলের পয়েন্ট সমান। লড়াইয়ে আছে আরও কয়েকটি দল। সেরি আয় শীর্ষ চারে থাকার লড়াই জমে উঠেছে দারুণভাবে। ইউভেন্তুস কোচ ইগর টুডরের দৃঢ় বিশ্বাস, চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারবেন তারা।

গত রোববার বোলোনিয়ার মাঠে ১-১ ড্র করে চার নম্বরে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ হারায় ইউভেন্তুস। তাদের পয়েন্ট এখন ৬৩। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পাঁচ ও ছয় নম্বরে আছে যথাক্রমে রোমা ও লাৎসিও। পরের তিনটি স্থানে বোলোনিয়া (৬২), ফিওরেন্তিনা (৫৯) ও এসি মিলান (৫৭)। বাকি আছে আর তিন রাউন্ড।   

নিজেদের পরের ম্যাচে শনিবার লাৎসিওর মুখোমুখি হবে ইউভেন্তুস। আগামী মৌসুমে তারা ইউরোপ সেরার প্রতিযোগিতায় খেলতে পারবে কি-না, শুক্রবার এমন প্রশ্নে বেশ আত্মবিশ্বাসী উত্তর দেন টুডর।

“হ্যাঁ, আমি নিশ্চিত (এ বিষয়ে), তবে বাকি সবাইও আত্মবিশ্বাসী। সব দলই মনে করে যে তারা শক্তিশালী। তারপর মাঠের পারফরম্যান্সের কথা আসে… ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।”

এই মৌসুমে ইইভেন্তুস লিগে প্রথম হারের স্বাদ পায় গত জানুয়ারিতে, ২২তম রাউন্ডে। সবশেষ আট ম্যাচের মধ্যে অবশ্য তিনটিতে হেরেছে তারা, ড্র করেছে দুটি। 

তবে আসছে লড়াইয়ে দল ভালো করবে বলে মনে করেন গত মার্চে থিয়াগো মোত্তার জায়গায় দায়িত্ব পাওয়া টুডর।

“(খেলোয়াড়দের মাঝে) ম্যাচ সচেতনতা ও আত্মবিশ্বাস দেখেছি (এই সপ্তাহে), ভালো করার প্রবল ইচ্ছাও দেখেছি। আমরা এই ম্যাচের (লাৎসিও) গুরুত্ব জানি এবং যথাসাধ্য নিজেদের প্রস্তুত করেছি।”

সেরি আর শিরোপা লড়াইও দারুণ জমে উঠেছে। ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। ৭৪ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান দুইয়ে, ৬৮ পয়েন্ট নিয়ে আতালান্তা তিনে আছে।