১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লম্বা সময়ের জন্য ক্রিস্টেনসেনকে হারাল বার্সেলোনা

তার এই চোট জাতীয় দল ডেনমার্কের জন্যও দুশ্চিন্তার।

লম্বা সময়ের জন্য ক্রিস্টেনসেনকে হারাল বার্সেলোনা
অনুশীলনের সময় চোট পেয়ে লম্বা সময়ের জন‍্য ছিটকে গেলেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 09:14 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

বার্সেলোনার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) আংশিক ছিঁড়ে গেছে। এতে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ডেনমার্কের এই ডিফেন্ডার।

কোপা দেল রের শেষ বত্রিশে গত মঙ্গলবার গুয়াদালাহারার বিপক্ষে ম্যাচ দিয়ে সেপ্টেম্বরের পর প্রথমবার বার্সেলোনার হয়ে শুরুর একাদশে নামেন ক্রিস্টেনসেন। ২-০ ব্যবধানে জয়ের ওই ম্যাচে দলের প্রথম গোলটি করেন তিনি।

লা লিগা চ্যাম্পিয়নরা রোববার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার অনুশীলনের সময় দুর্ভাগ্যজনকভাবে বাম হাঁটুতে চোট পান ২৯ বছর বয়সী এই ফুটবলার। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে, তা নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, চার থেকে পাঁচ মাস বাইরে থাকতে পারেন তিনি। 

বার্সেলোনার সঙ্গে আগামী জুন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে ক্রিস্টেনসেনের। গত দুই বছর ধরে চোট বেশ ভোগাচ্ছে তাকে। 

অ্যাকিলিসের সমস্যার কারণে গত মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল ৬টি ম্যাচ খেলতে পারেন এই সেন্টার-ব্যাক। গত অক্টোবরে পেশির চোটে পড়েন তিনি। এই মৌসুমে এখন পর্যন্ত খেলতে পেরেছেন ১৭ ম্যাচ। 

২০২২ সালে চেলসি থেকে ফ্রি ট্রান্সফারে কাম্প নউয়ে পা রাখার পর প্রথম দুই মৌসুমে ৭৪ ম্যাচ খেলেন ক্রিস্টেনসেন। ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনার লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তার এবারের চোট জাতীয় দল ডেনমার্কের জন্যও দুশ্চিন্তার। এই বছর বিশ্বকাপ বাছাইপর্বে ডেনমার্কের প্রতিটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। গোল করেছেন একটি, অ্যাসিস্ট দুটি। নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে মহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে ডেনমার্ক।

আগামী ২৬ মার্চ প্লে-অফ সেমি-ফাইনালে নর্থ মেসিডোনিয়ার মুখোমুখি হবে ডেনিশরা। সেখানে জিতলে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ফাইনালে চেক রিপাবলিক অথবা রিপাবলিক অব আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা।

বার্সেলোনা এই বছরে তাদের শেষ ম্যাচে শনিবার লা লিগায় ভিয়ারেয়ালের মুখোমুখি হবে।