চ্যাম্পিয়ন্স লিগ: শেষ রাউন্ডে কোন দলের কী করণীয়
শেষ ম্যাচে জিতে সরাসরি শেষ ষোলোর টিকেট নিশ্চিত করার আশায় আছে ১৩টি দল, বাকি দলগুলোর চাওয়া যেকোনো মূল্যে টুর্নামেন্টে টিকে থাকা।
নাটকীয়তায় ভরা ১২৬ ম্যাচ, ৪২৬ গোল, পাঁচটি হ্যাটট্রিক ও ২৮ লাল কার্ডের জমজমাট লড়াইয়ে শেষ ধাপে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব। ৩৬ দলের মধ্যে ৩০টিরই ভবিষ্যৎ এখনও অজানা। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে একসঙ্গে তারা লাফিয়ে পড়বে প্রথম পর্বের শেষ ম্যাচ-ডেতে।
প্রথম সাত রাউন্ডে একমাত্র আর্সেনাল শতভাগ সাফল্য পেয়েছে। তাদের সঙ্গে ছয়টিতে জয়ী বায়ার্ন মিউনিখও নিশ্চিত করেছে সরাসরি শেষ ষোলোর টিকেট।
আর পয়েন্ট তালিকার সবশেষ চার দল কয়রাত আলমাতি, ভিয়ারেয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়ে গেছে।
১৩টি দল অন্ততপক্ষে শেষ ষোলোর প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। এই দলগুলোর লক্ষ্য শেষ ম্যাচে জিতে সরাসরি শেষ ষোলোয় খেলা নিশ্চিত করা। বাকি দলগুলোর চাওয়া যেকোনো মূল্যে টুর্নামেন্টে টিকে থাকা।
তবে পয়েন্ট তালিকার দলগুলোর মধ্যে লড়াই এতটাই তীব্র যে, শেষ দিনে জিতলেও অনেকের কাঙ্ক্ষিত চাওয়া পূরণ হবে না, নির্ভর করতে হবে ভাগ্যের ওপরও।
পয়েন্ট টেবিলের প্রথম আটটি দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে, এর মধ্যে বিজয়ী আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।
বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় শুরু হবে সবগুলো ম্যাচ।
শেষের রুদ্ধশ্বাস লড়াইয়ের আগে যা কিছু আছে আলোচনায়:
সেরা আটে ওঠার লড়াই
সরাসরি নকআউট পর্বে খেলার টিকেট বাকি আছে এখনও ছয়টি। সম্ভাবনায় এগিয়ে আছে রেয়াল মাদ্রিদ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, শিরোপাধারী পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড ও চেলসি।
বেনফিকার মাঠে রেয়াল মাদ্রিদ, কারাবাখের বিপক্ষে ঘরের মাঠে লিভারপুল ও আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের মাঠে টটেনহ্যাম জিতলেই তারা সরাসরি নকআউট পর্বে পা রাখবে।
এই পর্যায়ে সবচেয়ে আকর্ষণীয় লড়াই হতে পারে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা পিএসজি ও সপ্তম দল নিউক্যাসলের মধ্যকার ম্যাচটি। দুই দলেরই পয়েন্ট সমান ১৩ করে।
এই ম্যাচেও বিজয়ী দল সরাসরি উঠবে পরের ধাপে, আর পরাজিত দলটিকে হয়তো খেলতে হবে প্লে-অফে। আর ম্যাচটি ড্র হলে দুই দলকেই অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।
সমান ১৩ পয়েন্ট আছে আরও ছয়টি দলের। এর মধ্যে চেলসিও তুলনামূলক ভালো অবস্থানে আছে; টিকে থাকার লড়াইয়ে থাকা নাপোলির মাঠে জিতলেই হয়তো সরাসরি শেষ ষোলোয় উঠে যাবে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। অবশ্য গোল ব্যবধানে তাদের পিছিয়ে পড়ার কিঞ্চিৎ শঙ্কাও আছে।
সমান ১৩ পয়েন্ট নিয়ে একইরকম আশায় আছে বার্সেলোনা, স্পোর্তিং, ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ ও আতালান্তা।
কোপেনহেগেনের বিপক্ষে ঘরের মাঠে বড় ব্যবধানে জিততে পারলে সরাসরি নকআউট পর্বে ওঠার আশা পূরণ হতে পারে বার্সেলোনার। তবে তাদের জয়ের ব্যবধান কম হলে, লড়াইয়ে পিছিয়ে পড়তে পারে তারা।
পেপ গুয়ার্দিওলার দল সিটিকে সরাসরি শেষ ষোলোয় খেলতে হারাতেই হবে গালাতাসারাইকে এবং সেই সঙ্গে প্রার্থনা করতে হবে অন্য ম্যাচের ফল পক্ষে আসার। গত মৌসুমে প্লে-অফে রেয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে শেষ হয়েছিল ইংলিশ দলটির যাত্রা।
আর সিটিকে হারাতে পারলে প্লে-অফে খেলা নিশ্চিত হবে তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের।
নরওয়ের দল বুদে/গ্লিম্টের বিপক্ষে ঘরের মাঠে বড় ব্যবধানে জিততে পারলে সরাসরি শেষ ষোলোয় উঠতে পারে আতলেতিকো মাদ্রিদও। একই লক্ষ্যে ইতালিয়ান ক্লাব আতালান্তার নিজেদের ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে এবং অন্যান্য ম্যাচের ফল পক্ষে আসার প্রার্থনা করতে হবে।
কোনোমতে টিকে থাকার লড়াইয়ে যারা
সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বেনফিকা ও আয়াক্স আমস্টারডাম টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া এড়ানোর লড়াইয়ে আছে।
সাত ম্যাচের মাত্র দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ২৯ নম্বরে আছে বেনফিকা। সমান পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে আয়াক্স।
পর্তুগিজ ক্লাব বেনফিকার টিকে থাকতে রেয়াল মাদ্রিদকে হারাতেই হবে এবং প্রার্থনা করতে হবে অন্যান্য ম্যাচের ফল পক্ষে আসার। একইভাবে চারবারের ইউরোপ চ্যাম্পিয়ন আয়াক্সকেও ২৪তম স্থানে থাকা অলিম্পিয়াকোসের বিপক্ষে জিততে হবে এবং অন্যান্য ম্যাচের ফল যেন তাদের পক্ষে থাকে, সেই প্রার্থনা করতে হবে।
