২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকে গোল করে বার্সাকে জেতালেন ওলমো

লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 03:36 AM

Updated : 26 Aug 2026, 10:21 AM

শুরুতে গোল হজম আর প্রথমার্ধে বিবর্ণ পারফরম্যান্সের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলটির জার্সিতে অভিষেকে আলো ছড়ালেন দানি ওলমো। লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল হান্সি ফ্লিকের দল।

রায়ো ভাইয়েকানোর মাঠে মঙ্গলবার রাতে লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।

উনাই লোপেসের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন পেদ্রি। শেষ দিকে জয়সূচক গোলটি করেন বদলি নামা ওলমো। 

কিছুদিন আগে লাইপজিগ থেকে বার্সেলোনায় এসে লা লিগায় নিবন্ধন না হওয়ায় দলের প্রথম দুই ম্যাচে ওলমো খেলতে পারেননি। এবার দলকে জিতিয়ে অভিষেক রাঙালেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। 

ক্রসবার বাঁধ না সাধলে আরও একটি গোল পেতে পারতেন তিনি।

শুরুতে কয়েক দফায় বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় ভাইয়েকানো। এরই ধারাবাহিকতায় নবম মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লোপেস।

১৯তম মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয় বার্সেলোনা। ইনিগো মার্তিনেসের ওই শট অনায়াসে ঠেকান ভাইয়েকানো গোলরক্ষক দানিয়েল। ৩৭তম মিনিটে বক্সের বাইরে থেকে লামিনে ইয়ামালের শট ঠেকাতেও খুব একটা বেগ পেতে হয়নি তাকে। 

প্রথমার্ধে ওই দুটি শটই কেবল লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে ফেররান তরেসের জায়গায় ওলমোকে মাঠে নামান ফ্লিক। এতে দলের আক্রমণেও ধার বাড়ে। ৫১তম মিনিটে দারুণ সুযোগ পান রবের্ত লেভানদোভস্কি, কিন্তু বাম দিক থেকে রাফিনিয়ার পাসে ছুটে গিয়ে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি পোলিশ স্ট্রাইকার। 

৫৩তম মিনিটে রাফিনিয়ার ফ্রি-কিক পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পরের মিনিটে বক্সের সামনে থেকে লক্ষ্যভ্রষ্ট শটে আরেকটি সুযোগ নষ্ট করেন প্রথম দুই ম্যাচে তিন গোল করা লেভানদোভস্কি।

৫৮তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ওলমো। ৩০ গজ দূর থেকে তার বুলেট গতির শট ক্রসবারে লাগে। এর দুই মিনিট পরই সমতার স্বস্তি ফেরে বার্সেলোনা শিবিরে। বক্সে রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।

৭১তম মিনিটে ভাইয়েকানোর জালে বল পাঠান লেভানদোভস্কি, কিন্তু আক্রমণের শুরুতে জুল কুন্দে স্বাগতিকদের পেপ চাভারিয়াকে ফাউল করায় ভিএআরের সাহায্যে মনিটরে রিপ্লে দেখে গোল দেননি রেফারি।

৮২তম মিনিটে জয়সূচক গোলটি করে বার্সেলোনা। ডান দিকের বাইলাইনের কাছ থেকে ইয়ামালের কাটব্যাক বক্সে পান ওলমো। তার দুই পাশে ছিলেন প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়। এর মাঝ দিয়েই বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী তারকা।

বাকি সময়ে সুযোগ পায় দুই দলই, তবে জালের দেখা আর মেলেনি।

২০১৮ সালের পর এই প্রথম ভাইয়েকানোর মাঠে লা লিগার ম্যাচ জিততে পারল কাতালান দলটি। 

তিন ম্যাচে শতভাগ সাফল্যে বার্সেলোনার হলো ৯ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ভিয়ারেয়াল।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে শিরোপাধারী রেয়াল মাদ্রিদ।