২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষ্প্রাণ ড্রয়ে শেষ মিলান-ইউভেন্তুসের লড়াই

এবারের সেরি আয় এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজেয় ধারা ধরে রাখল ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2024, 01:10 AM

Updated : 26 Aug 2026, 10:58 AM

চেনা আঙিয়ায় ম্যাচজুড়ে নিজেদের খুঁজে ফিরল এসি মিলান। তাদের চেয়ে তুলনামূলক ভালো খেললেও, তেমন কিছু করে দেখাতে পারল না ইউভেন্তুসও। সমতায় শেষ হলো লড়াই।

মিলানের সান সিরোয় শনিবার রাতে সেরি আর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

চলতি আসরে একমাত্র দল হিসেবে অপরাজেয় ধারা অবশ্য ধরে রাখল ইউভেন্তুস।

শুরু থেকে আক্রমণে ইউভেন্তুস কিছুটা এগিয়ে থাকলেও, প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন পরীক্ষা নিতে পারেনি তারা। এই সময়ে গোলের জন্য তাদের চার শটের একটি লক্ষ্যে ছিল। মিলান শট নিতে পারে দুটি, প্রতিটিই লক্ষ্যভ্রষ্ট।

দ্বিতীয়ার্ধেও ম্যাচ এগিয়ে যায় প্রায় একইভাবে। এই অর্ধে গোলের জন্য তিনটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে ইউভেন্তুস, যা সহজেই ঠেকান মিলান গোলরক্ষক।

অন্যদিকে, স্বাগতিকরা পুরো ম্যাচে লক্ষ্যে শট রাখতে পারে একটি, সেটিও ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে; থিও এরনদেঁজের হেড ঠেকাতে বেগ পেতে হয়নি ইউভেন্তুস গোলরক্ষককে। 

১৩ ম্যাচে ছয় জয় ও সাত ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ইউভেন্তুস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে সাতে এসি মিলান।

দিনের প্রথম ম্যাচে হেল্লাস ভেরোনাকে ৫-০ গোলে হারিয়ে, ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান।