২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের বিপক্ষে মনিকা-শিউলিকে পাচ্ছে না বাংলাদেশ

ভারতের বিপক্ষে পরের ম‍্যাচে তাদের পাওয়ার ব‍্যাপারে আশাবাদী কোচ পিটার জেমস বাটলার।

মালদ্বীপের বিপক্ষে মনিকা-শিউলিকে পাচ্ছে না বাংলাদেশ
বাংলাদেশের প্রধান কোচ পিটার জেমস বাটলার। ছবি: বাফুফে

বিডিনিউজ২৪

মোহাম্মদ জুবায়ের, গোয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 11:06 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

শিউলি আজিম, ঋতুপর্ণা চাকমার সাথে এক কোণে বসে অনুশীলন দেখছিলেন মনিকা চাকমা। এক পর্যায়ে তিনি ক্যামেরা তুলে নেন হাতে, ছবি তোলা শুরু করেন সতীর্থদের। কর্নার নিলেন মারিয়া মান্দা, অনেকটা লাফিয়ে হেড করলেন আফঈদা খন্দকার, বল ফিরে এলো ক্রসবার কাঁপিয়ে। অধিনায়কত্বের ব্যাটন হাত বদল হলেও দুজনের বোঝাপড়া যে আগের মতোই অটুটু, সেটাই যেন ফুটে উঠল গোয়ার ডন বস্কো গ্রাউন্ডে। প্রাণবন্ত এই দলে ছোবল বসিয়েছে চোট! মালদ্বীপ ম্যাচের আগে যা চিন্তার ভাঁজ কিছুটা হলেও তুলেছে বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলারের কপালে।

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব শুরু করবে দল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। তিন দল নিয়ে গ্রুপ হওয়ায় এ ম্যাচ জিতলেই সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে ঋতুপর্ণা-আফঈদাদের।

এই স্টেডিয়ামে কাছে ডন বস্কো গ্রাউন্ডে বুধবার বিকালে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। টিম হোটেল থেকে এ মাঠের দুরত্ব ১০ কিলোমিটার দূরের এই মাঠে দল পৌঁছাল যথাসময়ে। আগের দিনের অনুশীলনের ভেন্যু ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠের তুলনায় বস্কো গ্রাউন্ডের চারপাশের পরিবেশ ছিমছাম, গোছালো, পরিচ্ছন্ন। পাশে ছোট ছোট বেশ কয়েকটি মাঠে খেলতে দেখা গেল নানা বয়সীদের।

বিকালে গরম কম হওয়ায় মারিয়া-আনিকারাও প্রস্তুতি নিলেন একটু বেশি সময় ধরে। ঘণ্টা দুয়েকের অনুশীলনে মালদ্বীপ ম্যাচের একাদশ অনেকটাই পরিস্কার করে দিলেন বাটলার। এরপর লক্ষ্য নিয়ে বলতে গিয়ে মনিকা ও শিউলির চোট নিয়ে দিলেন দুঃসংবাদ।

“শিউলির বুকে একটু ব্যথা ছিল। তাই সতর্কতা হিসেবে স্বরূপ আমরা তাকে অনুশীলন থেকে তুলে নিয়েছিলাম, স্রেফ সতর্কতার জন্য। মনিকা আগামীকাল খেলবে না। তার সামান্য চোট আছে গোঁড়ালিতে। তাই আমরা তাকে (ভারতের বিপক্ষে) পরের ম্যাচের জন্য বাঁচিয়ে রাখব। মালদ্বীপের বিপক্ষে শিউলি ও মনিকা খেলবে না।”

শামসুন্নাহার জুনিয়র, তহুরা ও আনিকা রানিয়া সিদ্দিকীর মাঠের এক কোণে আলাদা হয়ে অনুশীলন করলেন। এই তিন জনের মধ্যে শামসুন্নাহার জুনিয়র ও আনিকার খেলবেন আক্রমণভাগে। গত সাফে দলের হয়ে সর্বোচ্চ পাঁচ গোল করা তহুরাকে বসতে হচ্ছে বেঞ্চে।

তহুরার মতোই দুই সাফ জয়ী গোলকিপার রুপনা চাকমার জায়গা পাওয়া নিয়ে ওঠা প্রশ্নে কৌশলী উত্তর দিলেন বাটলার। তবে হাতের তালুর চোট কাটিয়ে ছন্দে ফেরা মিলি আক্তারকে নিয়ে বলতে গিয়ে তিনি নিশ্চিত করে দিলেন, মালদ্বীপ ম্যাচের একাদশে নেই রুপনা। পরে অবশ্য এই ইংলিশ কোচ ইঙ্গিত দিলেন, পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে বদল করতে পারেন অনেক কিছু।

“আচ্ছা, সেটার (রুপনা খেলবে কিনা) জন্য তো আপনাদের অপেক্ষা করতে হবে, তাই না? আমি সবাইকে সুযোগ দিই। তবে মিলি ফিরে এসেছে। সে পুরোপুরি সুস্থ। সে আগামীকাল শুরু থেকেই খেলবে। এরপর আশা করি, ৪৫ মিনিট পর, আমরা কিছু পরিবর্তন আনতে পারব এবং পরিস্থিতি ভিন্নভাবে দেখতে পারব।”

অভিজ্ঞ শিউলির অনুপস্থিতি রক্ষণের দৃঢ়তা ধরে রাখার দায়িত্ব উঠবে সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু ও সুরভি আক্তার আফরিনের কাঁধে। মাঝমাঠের দখল নিতে মারিয়ার সঙ্গী হওয়ার সম্ভাবনা বেশি মৌমিতা খাতুনের। ঋতুপর্ণা, শামসুন্নাহার জুনিয়র, উমহেলা মারমা, আনিকাদের উপর থাকবে মালদ্বীপের বিপক্ষে অজেয় পরিসংখ্যান ধরে রাখতে দরকারি গোল এনে দেওয়ার দায়িত্ব। 

বাটলারের বিশ্বাস, ঋতুপর্ণা-মারিয়ারা তাদের কাজটুকু করবেন ঠিকই, তবে গোলের পেছনে হন্যে হয়ে ছুটবে না। শক্তিশালী দলগুলোর বিপক্ষে হারের অতীত টেনে তিনি বললেন, মেয়েরা তার চাওয়া জানে এবং বোঝে।

“দেখুন, মেয়েরা বোঝে এবং তারা জানে আমার চাওয়া কী? আমি তাদের সাথে এখন দুই বছরেরও বেশি সময় ধরে কাজ করছি। তারা অনেক দূর এগিয়ে এসেছে। আমরা যেসব ম্যাচ হেরেছি বা যেসব দলের কাছে মার খেয়েছি, তাদের সবারই শারীরিক সক্ষমতায় আমাদের চেয়ে ভালো ছিল। সে ম্যাচগুলোতেও ভালো পারফরম্যান্স করেছি, কিন্তু শারীরিক গঠনের দিক থেকে বাংলাদেশের মেয়েরা সবসময়ই একটু পিছিয়ে থাকবে।”

“তবে, আমাদের আরও শক্তিশালী হতে হবে, আরও আক্রমণাত্মক হতে হবে। খেলার আরও অনেক অনেক দিক রয়েছে। তাই হ্যাঁ, অনেক কিছু নিয়ে কাজ করার আছে। তবে সবার আগে আমি চাই, মেয়েরা মাঠে গিয়ে তাদের সেরাটা দিক এবং স্রেফ নিজেদের খেলাটা খেলুক। মনে মনে এমন কোনো আকাশকুসুম কল্পনা করার দরকার নেই যে, আমরা ১০টা, ১১টা বা ১২টা গোল দিতে যাচ্ছি। ফুটবল এভাবে চলে না।”