২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনাকে তিনে নামিয়ে ১১ বছর পর চূড়ায় স্পেন

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আরও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে, অবনমন হয়েছে ব্রাজিলেরও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 06:34 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

দীর্ঘদিন ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখার পর অবনমন হয়েছে আর্জেন্টিনার। দুই ধাপ নিচে নেমে গেছে তারা। এক বছরের বেশি সময় ধরে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় স্পেন উঠেছে সিংহাসনে।

সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর বৃহস্পতিবার র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যেখানে এক ধাপ অবনমন হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও।

এক সময় পুরুষ ফুটবলের র‌্যাঙ্কিংয়ে দীর্ঘদিন রাজত্ব ছিল স্পেনের। এবারের আগে সবশেষ তারা শীর্ষস্থানে ছিল ২০১৪ সালের জুনে, যখন তারা ছিল বিশ্বকাপ ও টানা দুবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী।

১১ বছরের একটু বেশি সময় পর, এক ধাপ এগিয়ে আবার শীর্ষে ফিরল লা রোজারা। ২০২৬ সালের বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর অভিযানে তারা এই মাসেই হারিয়েছে বুলগেরিয়াকে ৩-০ ও তুরস্ককে ৬-০ গোলে।

বিশ্বকাপ বাছাইপর্বে শুরুর ধাপটা শতভাগ সফল হয়েছে ফ্রান্সেরও। ইউক্রেইনকে ২-০ গোলে হারানোর পর, তারা ২-১ গোলে জিতেছে আইসল্যান্ডের বিপক্ষে। এতে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছে ফরাসিরা।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ ধাপে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে ঘরের মাঠে জিতলেও, একুয়েডরের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ওই এক হারেই ১৫.০৪ রেটিং পয়েন্ট হারিয়ে নিচে নেমে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার মোট পয়েন্ট এখন ১৮৭০.৩২। তাদের চেয়ে দশমিক পয়েন্টে এগিয়ে দুইয়ে আছে ফ্রান্স (১৮৭০.৯২)। আর ১৮৭৫.৩৭ পয়েন্ট নিয়ে চূড়ায় স্প্যানিশরা।

এই মাসে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে ইংল্যান্ড। তবে তাদের র‌্যাঙ্কিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই আছে চার নম্বরে। এবারের আন্তর্জাতিক বিরতিতে একইরকম সময় কেটেছে পর্তুগালের। দুটি ম্যাচেই জিতেই এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছে তারা।

তাদেরকে জায়গা ছেড়ে দিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল এই মাসের প্রথম সপ্তাহে চিলির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর, বলিভিয়ার মাঠে হেরে যায় ১-০ গোলে।

সপ্তম ও অষ্টম স্থানে আগের মতো যথাক্রমে আছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। এক ধাপ করে এগিয়ে নবম স্থানে ক্রোয়েশিয়া ও দশম স্থানে ইতালি আছে।

বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার মাঠে ২-০ গোলে পরাজিত জার্মানি তিন ধাপ পিছিয়ে এখন আছে ১২ নম্বরে। আর তাদেরকে চমকে দেওয়া স্লোভাকিয়া ১০ ধাপ এগিয়ে আছে ৪২ নম্বরে।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো বদল হয়নি। আগের মতো ১৮৪ নম্বরেই আছে তারা।

দুটি প্রীতি ম্যাচ খেলতে এই মাসে নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচ ড্র হওয়ার পর, সেখানে রাজনৈতিক অস্থিরতায় দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি