সামাজিক মাধ্যমে রহস্যজনক বার্তা দিয়ে মুছে ফেললেন কাসিয়াস
দ্রুত পোস্টটি সরিয়ে ফেললেও তা ছড়িয়ে পড়া ঠেকানো যায়নি, ভক্তকূলে চলছে তুমুল আলোচনা।
তুমুল আলোচনার জন্ম দিয়েছেন ইকের কাসিয়াস। স্পেনের বিশ্বকাপজয়ী গ্রেট এই ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যজনক এক পোস্ট করার পর, দ্রুত সেটা সরিয়ে ফেললেও তা ছড়িয়ে পড়েছে।
ইন্সটাগ্রাম স্টোরিজে সোমবার এই পোস্টটি করেন কাসিয়াস। অল্প সময় পর সেটা মুছে ফেলেন রেয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগাসহ অসংখ্য শিরোপা জয় তারকা।
পোস্টটিতে কোনো এক গোপন কথা যেন ফাঁস করতে চেয়েছেন কাসিয়াস।
“কখনও ভাবিনি যে আমি এই বিষয়ে কথা বলব। ফুটবলার হিসেবে ৩০ বছরে, আমি খুব কম মানুষকেই তা বলেছি, কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টা সবার সঙ্গে শেয়ার করাটা দারুণ হবে। এটা আমার ক্যারিয়ারের অংশ এবং আমার মনে হয় এটাই (সবাইকে জানানোর) সময়।”
“আমি কীভাবে অ্যাথলেট হয়ে উঠেছি, এভাবেই তা সত্যিকার অর্থে বোঝা যাবে। আমি জানি, কেউ কেউ আমাকে কথাটা বলতে মানা করবে, কিন্তু এই সিদ্ধান্তটা কেবল আমাকেই প্রভাবিত করবে।”
ইন্সটাগ্রামে তার প্রায় দুই কোটি অনুসারীর মাঝে ওই পোস্ট ব্যাপক সাড়া ফেলে। স্প্যানিশ গণমাধ্যমেও দ্রুত বিষয়টি উঠে আসে।
এই পোস্টে একজন কমেন্ট করেন, “আমি ভাবিনি, ইকের জীবনের এই পর্যায়ে এমন পদক্ষেপ নেবে। কী একটা বোমা…”
আরেকজন লিখেছে, “আমি যেটা ভাবছি, সেটাই যদি সে বলতে চায়, তাহলে সেটা সত্যিই একটা বোমা হবে। আমার মনে হয়, তারাই তাকে এটা (পোস্টটি) মুছে ফেলতে বলেছে।”
এখন প্রশ্ন হলো, কাসিয়াস যে রহস্যের জন্ম দিলেন তা কি খোলাসা হবে?
