২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের ‘অতিরিক্ত মানসম্পন্ন’ মনে করেছিলাম, ফন ডাইকের আত্মসমালোচনা

ভার্জিল ফন ডাইকের মতে, ইউরোতে টিকে থাকতে হলে নিজেদের খেলায় আরও উন্নতি করতে হবে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 07:09 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে, সামনে এখন নকআউট পর্বের কঠিন পরীক্ষা। কিন্তু নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক কিছুতেই গ্রুপের শেষ রাউন্ডে অস্ট্রিয়ার বিপক্ষে হার মানতে পারছেন না। তার মতে, নিজেদের বাস্তবতার চেয়ে বেশি শক্তিশালী ভেবেছিলেন তারা, সেটারই মাশুল দিতে হয়েছে ওই ম্যাচে হেরে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে তাই সতীর্থদের সতর্ক করে দিয়েছেন ফন ডাইক। অভিজ্ঞ এই ডিফেন্ডারের মতে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে অনেক উন্নতি করতে হবে তাদের।

এবারের ইউরোতে গ্রুপ পর্বে ডাচদের পারফরম্যান্স প্রত্যাশার ধারে কাছেও ছিল না। পোল্যান্ডকে হারিয়ে ফ্রান্সের বিপক্ষে কোনোমতে গোলশূন্য ড্র করে তারা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা একের পর এক সুযোগ নষ্ট না করলে ওই ম্যাচে হারের তেতো স্বাদই পেতে হতো নেদারল্যান্ডসকে।

অস্ট্রিয়ার বিপক্ষে আর রক্ষা হয়নি। শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলটির সামনে বেরিয়ে পড়ে যেন ডাচদের আসল চেহারা, হেরে বসে তারা ৩-২ গোলে। চমকের শেষ নয় সেখানে। ‘ডি’ গ্রুপের ফরাসিদের পর ফেভারিট ছিল নেদারল্যান্ডস। কিন্তু এই দুই দলকে ছাড়িয়ে গ্রুপ সেরা হয় অস্ট্রিয়া। 

নেদারল্যান্ডস তো কোনোমতে জায়গা করে নেয় নক আউট পর্বে, তৃতীয় সেরা চার দলের একটি হয়ে। অস্ট্রিয়া ম্যাচের পর দলটিকে নিয়ে চলছে প্রবল সমালোচনা। ফন ডাইকও আত্মসমালোচনা করতে পিছপা হলেন না। তার মতে, পারফরম্যান্স অনুযায়ী এটাই তাদের প্রাপ্য।

আগামী মঙ্গলবার শেষ আটে ওঠার লড়াইয়ে রোমানিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ওই ম্যাচকে সামনে রেখে নিজেদের উন্নতির তাগিদ দিলেন ফন ডাইক।

“আমাদের নিয়ে সমালোচনার কারণ আমি অনুধাবণ করতে পারছি। আমি বোকা নই। এটাও জানি যে আমি আরও ভালো করতে পারি। আর দলের পারফরম্যান্স ভালো হওয়া উচিত। আমি এটা নিয়ে কাজ করছি।”

“অস্ট্রিয়ার বিপক্ষে আমি আমার সেরা খেলাটা খেলতে পারিনি। বিষয়টি আমার ওপর প্রভাব ফেলে। আমি এটাও মনে করি যে, সবকিছু সামগ্রিকভাবে আরও ভালো হতে পারে এবং হওয়া উচিত। পুরো দলই মাঠে ঠিকমতো দৌড়ায়নি, আর আমি সবার আগে নিজের (ঘাটতি নিয়ে) কথা বলি। আমি আরও অনেক কিছু দিতে পারতাম।”

গ্রুপ পর্ব শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে অনেক বিশ্লেষণ করেছে নেদারল্যান্ডসের ফুটবলাররা। বৃহস্পতিবার তাদের বিশ্রাম দেন কোচ রোনাল্ড কুমান। শুক্রবার ফের অনুশীলন শুরু করেছে দলটি। 

এদিনই সংবাদ সম্মেলনে নিজেদের পারফরম্যান্স নিয়ে সমালোচনার এক ফাঁকে ফন ডাইক আরও বলেন, আগে হয়তো তাদের আত্মবিশ্বাস একটু বেশিই ছিল, যেটা কাল হয়েছে।

“আমরা হয়তো নিজেদের অতিমূল্যায়ন করেছি। অনেক কথা হয়েছে এবং আমাদের অনেক বিশ্লেষণ করতে হয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে কোনোকিছুই ঠিকঠাক হয়নি। আমাদের পারফরম্যান্স খুবই বাজে ছিল। আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি, এখন আমাদের তা দেখাতে হবে।”

“কৌশলে ভুল ছিল না। মূলত আমাদের মধ্যে জয়ের তাড়নায় কমতি ছিল, প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রেও। এটা নিয়ে কোচের সঙ্গে কথা বলার দরকার নেই, খেলোয়াড়দের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। আমরা সেসব নিয়ে কথা বলেছি…কড়া ভাষায়।”