২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সময় পরিবর্তন

ফলে মৌসুমের সবচেয়ে বড় ম্যাচের পর চ্যাম্পিয়ন দলের ভক্ত-সমর্থকরা উদযাপনের অনেক সময় পাবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 05:40 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আগের নিয়মে সেন্ট্রাল ইউরোপিয়ান সময় রাত ৯টায় শুরু হয় শিরোপা নির্ধারণী ম্যাচ, নতুন নিয়মে তা শুরু হবে সেন্ট্রাল ইউরোপিয়ান সময় সন্ধ্যা ৬টায়।

আগামী আসরের ফাইনাল মাঠে গড়াবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়। সেদিন থেকেই কার্যকর হবে নতুন এই নিয়ম।

বর্তমান নিয়মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সাধারণত হয়ে থাকে শনিবার, আগামী ফাইনালও তাই হবে। শুধু সময় পাল্টে যাবে, বাংলাদেশ সময় সেটা রাত ১০টা।

বৃহস্পতিবার বিবৃতিতে উয়েফা জানিয়েছে, দর্শক, দল এবং স্বাগতিক শহরগুলোর সুবিধার্তে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

“চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দিন সবার জন্য যেন সত্যিকারের উপভোগ্য হয়ে ওঠে, সেটাই আমাদের লক্ষ্য। যারা মৌসুমের সবচেয়ে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব ফুটবল ম্যাচে (স্টেডিয়ামে) উপস্থিত থাকতে চায়, সেইসব পরিবার ও শিশুদের জন্য এমন একটা আবহ তৈরি করতে চাই, যেন তাদের জন্য সবকিছু সহজ হয়ে ওঠে।”

সফররত দর্শকদের ভ্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ম্যাচের পর তারা যেন নিরাপদে ও আরও সহজ উপায়ে স্টেডিয়াম থেকে ফিরতে পারে। এছাড়া সমর্থকরা লম্বা সময় ধরে উদযাপনও করতে পারবে, যা স্বাগতিক শহরের অর্থনীতিতেও বেশ ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে কর্তৃপক্ষ।

এই পরিবর্তন অবশ্য কেবল ফাইনালের জন্য। বাকি সব ম্যাচের সময় আগের মতোই থাকবে। 

বাংলাদেশ সময়ে এই টুর্নামেন্টের প্রথমভাগের ম্যাচগুলো শুরু হয়ে থাকে রাত একটায় ও পরের ভাগে রাত ২টায় এবং ফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচ হয়ে থাকে মঙ্গল ও বুধবার। 

উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিনের মতে টুর্নামেন্টের অন্যান্য ম্যাচের জন্য আগের সময়ই সবচেয়ে ভালো।

“সপ্তাহের মাঝের দিনগুলোর ম্যাচের জন্য সেন্ট্রাল ইউরোপিয়ান সময় রাত ৯টায় সবচেয়ে উপযোগী। তবে শনিবারের ফাইনাল আগে শুরু করা মানে শেষ হবে আগে, এমনকি খেলা অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ালেও। এর ফলে ভক্ত-সমর্থকরা সেদিনের বাকি সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে উপভোগ করতে পারবেন।”