‘জীবন নির্মম’, পাকিস্তানের বিপক্ষে ড্রয়ের পর দার্শনিকের সুরে বললেন বাটলার
প্রথম সুযোগ হাতছাড়া হলেও উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ কোচ।
পাকিস্তানের বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যেতে সেমি-ফাইনাল, কিন্তু সেটা হয়নি ফিনিশিংয়ের বিবর্ণতায়। তবে দল নিয়ে গর্বিত বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। ম্যাচ জুড়ে আধিপত্য করেও প্রত্যাশিত ফল না পাওয়া নিয়ে কথা বলতে গিয়ে এই ইংলিশ কোচ হয়ে উঠলেন দার্শনিক। বললেন, জীবনই নির্মম।
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার অভিযানের শুরুটা জয়ের হাসিতে রাঙাতে পারেনি বাংলাদেশ। নিজেদের ভুলে গোল হজমের পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে ১-১ ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাটলারের দল।
গতবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপ পর্বে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এবার তেমন স্বপ্ন না থাকলেও জয়ের প্রত্যাশা ছিল দলের। সেটা সম্ভব হয়নি, বরং শেষ দিকের গোলে কোনমতে হার এড়িয়েছেন কৃষ্ণা-শামসুন্নাহাররা।
স্কোরলাইনে অবশ্য বাংলাদেশের পারফরম্যান্সের প্রতিফলন নেই তেমন একটা। রক্ষণের ভুলে গোল হজম করার আগে-পরে একাধিক সুযোগ নষ্ট করেছেন ফরোয়ার্ডরা। ঋতুপর্না চাকমার শট কাঁপিয়েছে ক্রসবার। ম্যাচ জুড়ে সব দিক থেকে আধিপত্য করেও জয় না মেলা মেনে নিতে পারছেন না বাটলার।
“আমি ফুটবলের সঙ্গে সব পর্যায়ে দীর্ঘদিন আছি, প্রিমিয়ার লিগে খেলেছি, কোচ হিসেবে অনেক ম্যাচ খেলেছি, কিন্তু সত্যি বলতে আমি কখনও এমন ম্যাচের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, যেখানে দল বল পজেশনে এত বেশি আধিপত্য করেছে, পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, আসলেই ভালো ফুটবল খেলেছে, কিন্তু যে ফলটা প্রাপ্য ছিল, সেটা পায়নি।”
“জীবন নির্মম! ফুটবলও নির্মম হয়। জীবনে কোনো কিছুই আপনার কাছে সহজে ধরা দেবে না। তরুণ মেয়েদের নিয়ে আমার দলটা দারুণ। সাবিনাকে ওরা কড়াভাবে চার্জ করেছে, এ কারণে আমাকে কৌশলগত পরিবর্তন আনতে হয়। ফুটবল নির্মম হতে পারে… এখন আমরা ভারতের বিপক্ষে খেলবে, পরের ধাপে যাওয়ার দারুণ সুযোগ আছে আমাদের সামনে।”
পাকিস্তানকে ৫-২ গোলে হারানো ভারত ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ১ করে। এরই মধ্যে সেমি-ফাইনাল নিশ্চিত করা ভারতের বিপক্ষে আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
এ মুহূর্তে গোল ব্যবধানে পাকিস্তান (-৩) পিছিয়ে। ভারতের বিপক্ষে তিন গোলের কম ব্যবধানে হারলেও বাংলাদেশ উঠবে সেমি-ফাইনালে। বাটলার ভারতের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে থাকলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ড্রয়ের হতাশা আড়াল করলেন না।
“মেয়েরা দারুণ ছিল, দারুণ ফুটবল খেলেছে অবিরাম, ক্রসবারে বল লাগিয়েছে, আমি সত্যিই এই মেয়েদের নিয়ে গর্বিত। কেউ যদি আমাদের (এই ফলের জন্য) সমালোচনা করে, আমি বলব, সে ফুটবলের কিছুই জানে না। আমার দৃষ্টিতে, এই ম্যাচটা আমরা জিততে পারতাম।”
