২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনচেলত্তির নিয়োগে খুশি নন ব্রাজিল প্রেসিডেন্ট

ভিনিসিউস, মার্কিনিয়োস, রাফিনিয়াদের মতো ‘বিদেশি’ তারকাদের বাদ দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

আনচেলত্তির নিয়োগে খুশি নন ব্রাজিল প্রেসিডেন্ট
কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 09:20 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ব্রাজিলিয়ান ফুটবলের সমৃদ্ধ ইতিহাসে অতীতে যা কখনও হয়নি, কদিন পর সেটাই দেখা যাবে; দেশটির জাতীয় দলের ডাগআউটে প্রথমবারের মতো দাঁড়াবেন কোনো বিদেশি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নিয়োগ পাওয়াটা চারিদিকে অনেক আলোচনার জন্ম দিয়েছে। সমালোচনা যে একেবারে হচ্ছে না, তা নয়। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার যেমন বিষয়টি ঠিক পছন্দ হয়নি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এই রাজনীতিবিদ যেন পাল্টা প্রশ্ন করতে চাইলেন, দেশে কি যথেষ্ট ভালো কোচ নেই?

“সত্যি বলতে, জাতীয় দলকে একজন বিদেশির (কোচের) নেতৃত্ব দেওয়ার বিপক্ষে নই আমি। তবে ব্রাজিলেও অনেক কোচ আছেন, যারা দলকে কোচিং করাতে পারে।” 

এ বিষয়ে অবশ্য প্রথমবার আপত্তি জানালেন না লুলা দা সিলভা। আনচেলত্তিকে অনেক আগে থেকেই কোচ হিসেবে পাওয়ার চেষ্টায় ছিল সিবিএফ। তখন থেকেই একরকম এর বিরোধিতা করে আসছেন ৭৯ বছর বয়সী এই রাজনীতিবিদ।

“তিনি (আনচেলত্তি) কখনও ইতালি জাতীয় দলকে কোচিং করাননি… ২০২২ বিশ্বকাপে তো ইতালি খেলতেই পারেনি, তাহলে তখন কেন তিনি ইতালির সমস্যার সমাধান করেননি?”  

লুলা দা সিলভা এবারও আনচেলত্তিকে ব্রাজিল পুরুষ জাতীয় দলের দায়িত্ব দেওয়ার পক্ষে নন। তবে ক্লাব ফুটবলে বছরের পর বছর ধরে দুর্দান্ত সব সাফল্য পাওয়া এই কোচের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই ব্রাজিল প্রেসিডেন্টের মনে।

“তিনি অসাধারণ একজন কোচ। গ্রেট খেলোয়াড় ছিলেন। আমার মনে হয়, মানসম্পন্ন খেলোয়াড় পাওয়ার দিক থেকে আমাদের সময়টা খারাপ যাচ্ছে, আগের মতো আমাদের সেই মানের মেধাবী খেলোয়াড় নেই।”

“২০০২ ও ২০০৬ সালের সময় আমাদের আক্রমণভাগের দিকে একবার দৃষ্টি দিন। আশা করি, তার মতো (আনচেলত্তি) কৌশলগতভাবে দারুণ অভিজ্ঞ একজন কোচ ব্রাজিল জাতীয় দলকে সাহায্য করতে পারবে।”

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দীর্ঘদিন ধরে মাঠে সময়টা ভালো কাটছে না। গত দুই বিশ্বকাপেই কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় তারা। আর সবশেষ কোপা আমেরিকায় নকআউট পর্বের প্রথম ধাপ থেকে ছিটকে পড়ে দলটি।

চলতি ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও সময়টা ভীষণ খারাপ কাটছে তাদের; ১৪ রাউন্ডে মাত্র ছয়টিতে জয়ী দলটি ২১ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে, শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে। সবশেষ ম্যাচে, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার মাঠে ৪-১ গোলে ধরাশায়ী হয় তারা।

চলমান এই পাহাড়সম সমস্যা কাটিয়ে উঠতে ভিন্নধর্মী এক পরামর্শও দিয়েছেন লুলা দা সিলভা। পরীক্ষিত ভিনিসিউস, মার্কিনিয়োস, রাফিনিয়া ও রদ্রিগোর মতো ফুটবলারদের বাদ দিয়ে ঘরোয়া লিগের ফুটবলারদের নিয়ে দল গড়তে বলেছেন।

“সিবিএফ প্রেসিডেন্টকে আমি বলেছিলাম যে, ব্রাজিলের শীর্ষ লিগে খেলা সেরা ফুটবলারদের স্কোয়াডে ডাকতে। তাদের নিয়ে ২২ সদস্যের একটা স্কোয়াড গড়া যেতে পারে এবং দেখা যাক, তারা কী করে। আমার মনে হয়, তারাও একইরকম খেলবে অথবা তুলনায় ভালো করবে।”