২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপকে উড়িয়ে বাংলাদেশকে ‘বার্তা’ দিল ভারত

দাপুটে জয়ে সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপ শুরু করেছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত।

মালদ্বীপকে উড়িয়ে বাংলাদেশকে ‘বার্তা’ দিল ভারত
বড় জয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করল গত দুইবার ফাইনালে খেলতে না পারা ভারত। ছবি: সাফ

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 12:08 AM

Updated : 26 Aug 2026, 03:41 PM

একাদশ মিনিটে গোল উৎসবের শুরু। ৮৬তম মিনিটে শেষ। মাঝে মালদ্বীপের জালে আরও নয়বার বল জড়ানোর উচ্ছ্বাসে মাতলেন প্রিয়াঙ্কা-আভিকারা! দাপুটে জয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ফিরে পাওয়ার যাত্রা শুরু করা ভারত যেন বাংলাদেশকেও দিয়ে রাখল বার্তা।

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সোমবার মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। 

দলের জয়ে চার গোল উপহার দিয়েছেন আভিকা সিং। জোড়া গোল করেছেন প্রিয়াঙ্কা দেবি নওরেম ও কারিশমা শিরভোইকার। একবার করে জালের দেখা পেয়েছেন পাইরি সাসা, গ্রেস দাঙ্গেমেই ও সঙ্গিতা বাসফোরে ।

এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠল ভারত। তিন দলের গ্রুপ হওয়ায় এই জয়ে সেমি-ফাইনালে ওঠার পথেও এক পা দিয়ে রাখল প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।

আগামী রোববার গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। প্রথম পাঁচ আসরের চ‍্যাম্পিয়ন ভারতের আধিপত্যের লাগাম টেনে ধরে ২০২২ সালে সাফে প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই বছর পরের আসরে মুকুট ধরে রাখে দল। 

দ্বিতীয় দল হিসেবে সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে পিটার জেমস বাটলারের দল।