২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপে ৬০ ডলারের টিকেট ছাড়ল ফিফা

ম্যাচপ্রতি এই টিকেটের সংখ্যা অবশ্য খুব বেশি নয়। তবে আসরের ফাইনালসহ ১০৪টি ম্যাচেই এই টিকেট নিয়ে ম্যাচ দেখতে পারবে দর্শকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

আগামী বিশ্বকাপের টিকেটের চড়া মূল্য এবং স্থানভেদে তা আরও বেশি হওয়ায়, গত কয়েকদিনে নানারকম কটু কথা শুনতে হয়েছে ফিফাকে। প্রতারণার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। বাড়তে থাকা মানুষের ক্ষোভ কিছুটা প্রশমন করতে নতুন উদ্যোগ নিয়েছে সংস্থাটি; প্রতি ম্যাচেই কিছু টিকেট ছাড়া হবে, যার মূল্য হবে ৬০ ডলার।

সাশ্রয়ী মূল্যের এই টিকেটের প্যাকেজকে ‘সাপোর্টার এন্ট্রি টিয়ার’ নাম দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। ম্যাচ-প্রতি এই টিকেটের সংখ্যা অবশ্য খুব বেশি নয়। তবে আসরের ফাইনালসহ ১০৪টি ম্যাচেই এই টিকেট নিয়ে ম্যাচ দেখতে পারবে দর্শকরা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে ৪৮ দলের বিশ্বকাপ। টুর্নামেন্টটির ইতিহাসে এবারই হতে যাচ্ছে সবচেয়ে বড় আসর। 

এবার টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাকে তাদের ম্যাচগুলোর মোট টিকেটের ৮ শতাংশ দিয়েছে ফিফা, যেন তারা সবচেয়ে অনুগত সমর্থকদের কাছে বিক্রি করতে পারে। তবে ওই টিকেটের মূল্য নিয়েই শুরু হয়েছিল ব্যাপক সমালোচনা। 

সংস্থাগুলো টিকেট ছাড়ার পর দেখা যায়, ফিফা ঘোষিত টিকেট মূল্যের চেয়েও তা কোনো কোনো অংশে বেশি। এরপরই ফিফাকে ‘ধোঁকাবাজ’ বলা হয় ফুটবল সমর্থকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। 

ক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতেই কিছু টিকেটের মূল্য কমানোর এই উদ্যোগ নিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাকে যে টিকেট দেওয়া হবে, তার ১০ শতাংশ থাকবে এই কম দামের ক্যাটাগরিতে।