২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ ম্যাচে গোলের উৎসব, বার্সার আক্রমণের স্রোতে ফ্লিকের খুশির জোয়ার

চলতি মৌসুমে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনীতে ২০ ম্যাচে চার বা এর বেশি গোল উপহার দিল বার্সেলোনা।

২০ ম্যাচে গোলের উৎসব, বার্সার আক্রমণের স্রোতে ফ্লিকের খুশির জোয়ার
দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনার আক্রমণভাগ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2025, 01:36 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

চার গোল করাকে যেন নিয়মই বানিয়ে ফেলেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকে যেমন, তেমনি ছোট-বড় অনেক দলের জালেই এই মৌসুমে চার বা আরও বেশি গোল দিয়েছে তারা। হান্সি ফ্লিক তাতে দারুণ তৃপ্ত। মৌসুমজুড়ে আক্রমণাত্মক ফুটবলের যে পসরা সাজিয়ে চলেছে দল, এতেই সবচেয়ে বেশি খুশি বার্সেলোনা কোচ।

লা লিগার ম্যাচে রোববার জিরোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই ম্যাচে ক্লান্তি আর শ্রান্তি সামলানোর চ্যালেঞ্জ ছিল ফুটবলারদের। ওসাসুনার বিপক্ষে মাসের শুরুতে স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি হয়েছে বৃহস্পতিবার। সেই ম্যাচ শেষ হওয়ার মাত্র ৬৪ ঘণ্টা পরই আবার নামতে হয়েছে জিরোনার বিপক্ষে। কিন্তু মাঠে তাদের খেলায় সেই রেশ ছিল না।

মৌসুমজুড়েই এমন আগ্রাসী, প্রাণবন্ত ও বিনোদনদায়ী ফুটবল উপহার দিচ্ছে বার্সেলোনা। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে চার বা আরও বেশি গোল করল কাতালান দলটি।

এই মৌসুমেই দায়িত্ব নিয়ে দলের চেহারাই যেন পাল্টে দিয়েছেন ফ্লিক। দলকে তিনি যেভাবে খেলাতে চান, মাঠে সেই রূপে দেখে দারুণ সন্তুষ্ট বার্সেলোনা কোচ। 

“আমাদের ভাবনার প্রতিফলনই পড়ছে এতে। আমরা আক্রমণ করতে চাই, সুযোগ তৈরি করতে চাই। শুধু গোল করাই নয়, আমরা ম্যাচজুড়ে ক্রমাগত সুযোগ তৈরি করে যেতে চাই। এই দলের এটিই আমার সবচেয়ে ভালো লাগে। এটাই আমরা সবসময় চাই… ছেলেরা সবসময় গোল করে যেতে চায়।”

“আমাদের পাল্টা আক্রমণগুলো যদি খেয়াল করে থাকেন, সেখানে শুধু স্ট্রাইকার বা আক্রমণাত্মক মিডফিল্ডারই নয়, এমনকি (সেন্ট্রাল মিডফিল্ডার) ফ্রেঙ্কি ডি ইয়ংও প্রবল গতিতে ছুটছিল।”

বার্সেলোনার এই ধারাল আক্রমণভাগের সবচেয়ে ক্ষুরধার অস্ত্র রবের্ত লেভানদোভস্কি। ৩৬ বছর বয়সেও তার ধার কমার কোনো আভাস নেই। এই ম্যাচেও জোড়া গোল করেছেন তিনি। ২৫ গোল করে লা লিগার শীর্ষ গোল স্কোরার তিনিই। কিলিয়ান এমবাপের চেয়ে এগিয়ে আছেন তিনি তিন গোলে। 

এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে খুশি ফ্লিকও। তবে দলের লক্ষ্যের কথা মনে করিয়ে দিলেন কোচ। 

“লেভানদোভস্কি গুরুত্বপূর্ণ গোল করে চলেছে মৌসুমজুড়েই। মৌসুমের শুরুতেই পূর্ণ আত্মবিশ্বাস জুগিয়েছি ওকে। ব্যক্তিগতভাবে ফুটবলারদের সঙ্গে কথা বলতে পছন্দ করি না আমি। তবে সে স্পেশাল ফুটবলার।”

“আমি জানি, লেভানদোভস্কি পিচিচি ট্রফি (সর্বোচ্চ স্কোরারের পুরস্কার) জিততে চায়। তবে গুরুত্বপূর্ণ হলো দলের জয়।”