১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমবোলোর লাল কার্ডে ফিফার ব‍্যাখ‍্যা চান ফ্রয়লা

ভিএআর কীভাবে বাগাইল এমবোলোকে হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নিল বুঝতে পারছেন না রোমো ফ্রয়লা।

এমবোলোর লাল কার্ডে ফিফার ব‍্যাখ‍্যা চান ফ্রয়লা
বাগাইল এমবোলোকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 02:40 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

শুরুতে হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেস কিন্তু ভিএআরের হস্তক্ষেপে সিদ্ধান্ত যায় পাল্টে। ডাইভ দেওয়ায় উল্টো হলুদ কার্ড দেখেন বাগাইল এমবোলো। ভিএআর কীভাবে এই সিদ্ধান্ত নিল বুঝতে পারছেন না সুইজারল‍্যান্ড মিডফিল্ডার রোমো ফ্রয়লা। এই নিয়ে ফিফার ব‍্যাখ‍্যা চেয়েছেন তিনি। 

কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৩-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সুইজারল‍্যান্ড। মাঠে নিজেদের উজাড় করে দেওয়া দলটি ফুঁসছে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে। 

৭২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এমবোলো। ঘটনার শুরুতে ফাউলের জন্য আর্জেন্টিনা মিডফিল্ডার পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে পরে ভিএআর রেফারির হস্তক্ষেপের পর মাঠের পাশের স্ক্রিনে রিপ্লে দেখে রেফারি সিদ্ধান্তে পৌঁছান, ইচ্ছে করেই ডাইভ দিয়েছেন এমবোলো। দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় ২৯ বছর বয়সী ফরোয়ার্ডকে। 

ম‍্যাচ শেষে ওই ফাউলে ভিএআরের হস্তক্ষপ নিয়ে প্রশ্ন তুললেন মিডফিল্ডার ফ্রয়লা।

“আমি দলকে নিয়ে খুব গর্বিত। আপনি বলতে পারবেন না যে, আমরা শতভাগ দেইনি। আমি বুঝতে পারছি না, ভিএআর কীভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে। এটা ফিফার আমাদেরকে ব‍্যাখ‍্যা করতে হবে।”  

আরেকটি হলুদ কার্ড দেখে শুরুতে তীব্র প্রতিবাদ জানান এমবোলো, পরে মাঠ ছাড়েন কান্নায় ভেঙে পড়ে। মাঠ ছাড়ার আগে তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করেন সতীর্থরা। 

কোচ মুরাত ইয়াকিন বললেন, লাল কার্ড দেখায় বিধ্বস্ত এই স্ট্রাইকার।

“সে অনেকবার ফাউলের শিকার হয়েছিল। ম‍্যাচে তার দারুণ কিছু মুহূর্তও এসেছিল। এরপর দলকে আর সে সাহায‍্য করতে পারল না। আমি তাকে দোষ দিচ্ছি না। অবশ‍্যই সে ভেঙে পড়েছে কারণ, সে দলকে সাহায‍্য করতে পারেনি। এটা রেফারিদের ভুল।”