ক্লাব বিশ্বকাপের জন্য আমিরাতের ক্লাবে পর্তুগালের ইউরো জয়ী গোলরক্ষক
আল-আইনের হয়ে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপে খেলবেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ গোলরক্ষক।
স্বল্পমেয়াদে নতুন ঠিকানায় যাচ্ছেন রুই পাত্রিসিও। আসন্ন ক্লাব বিশ্বকাপের জন্য সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ গোলরক্ষক।
পর্তুগালের ২০১৬ ইউরো জয়ী গোলরক্ষককে চুক্তিবদ্ধ করার খবর জানিয়ে ক্লাবটি শনিবার বিবৃতিতে জানায়, মেডিকেল সম্পন্ন করতে ও দলের অনুশীলনে যোগ দিতে রোববার সন্ধ্যায় আরব আমিরাতে পৌঁছাবেন তিনি।
পর্তুগালের হয়ে ১০৮ ম্যাচ খেলা পাত্রিসিও ২০২৪-২৫ মৌসুমে খেলেছেন ইতালিয়ান ক্লাব আতালান্তার জার্সিতে। ক্যারিয়ারের শুরু থেকে স্বদেশের ক্লাব স্পোর্তিং লিসবনে এক যুগ কাটানোর পর ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স হয়ে রোমার জার্সিতে তিন মৌসুম খেলেছেন তিনি।
২০২৪ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আল-আইন ২০১৮ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ঘরের মাঠে দর্শকদের সামনে, যেখানে তারা হেরেছিল রেয়াল মাদ্রিদের কাছে।
নতুন রূপে বড় আকারে ৩২ দলের এবারের ক্লাব বিশ্বকাপ আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হবে যুক্তরাষ্ট্রে। ‘জি গ্রুপে’ আল-আইনের তিন প্রতিপক্ষ ইউভেন্তুস, ম্যানচেস্টার সিটি ও মরক্কোর দল ওয়াইদাদ।
ক্লাবগুলোকে এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করার সুযোগ দিতে ১ থেকে ১০ জুন পর্যন্ত একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো চালু করেছে ফিফা।
