২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল নাস্‌রে রোনালদোর নতুন চুক্তি

২০২৭ পর্যন্ত সৌদি আরবের ক্লাবটিতে থাকবেন ৪০ বছর বয়সী রোনালদো।

আল নাস্‌রে রোনালদোর নতুন চুক্তি
২০২২ সালের ডিসেম্বরে আল নাস্‌রে যোগ দেন রোনালদো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 07:47 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা কাটল অবশেষে। আল নাস্‌রের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করলেন পর্তুগিজ মহাতারকা।

সৌদি প্রো লিগের দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে এই খবর।

ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে ২০২২ সালের ডিসেম্বরে ২০ কোটি মার্কিন ডলারের চোখধাঁধানো চুক্তিতে আল নাস্‌রে যোগ দেন রোনালদো। ৪০ বছর বয়সী তারকার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি মাস শেষে।

সাম্প্রতিক সময়ে তার ভবিষ্যৎ নিয়ে চলছিল নানা গুঞ্জন। সৌদি প্রো লিগে গত মাসে আল ফাতেহর বিপক্ষে হারের পর রোনালদো সামাজিক মাধ্যমে লেখেন, “এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা।”

তার ওই ‘অধ্যায় শেষ’ লেখা নিয়ে অনেকেই ধারণা করছিলেন, আল নাস্‌রকে হয়তো বিদায় জানাতে যাচ্ছেন তিনি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অন্তত দুই দফায় বলেন, এই মাসের মাঝামাঝি শুরু হওয়া নতুন আঙ্গিকের ৩২ দলের ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখা যেতে পারে। এতে তার দলবদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন আরও বাড়ে। সম্ভাব্য নতুন দলের নামও শোনা যায় বেশ কয়েকটি।

এর মাঝেই আল নাস্‌রের পরিচালক ফের্নান্দো ইয়েররো বলেন, রোনালদোকে ধরে রাখতে ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। তাদের সেই প্রচেষ্টা আলোর মুখ দেখল অবশেষে।

নতুন চুক্তিতে সই করার পর সামাজিক মাধ্যমে রোনালদো লিখেছেন, “নতুন অধ্যায় শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।”

আড়াই বছর আগে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে পেয়ে ‘অখ্যাত’ সৌদি প্রো লিগ দ্রুতই বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে চলে আসে। ক্লাবটিতে তিনি তেমন কোনো শিরোপার স্বাদ না পেলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই আলো ছড়িয়ে চলেছেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

আল নাস্‌রের জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। হাজার গোলের লক্ষ্যের পথে ছুটতে থাকা তারকার ক্যারিয়ার গোল এখন ৯৩৮টি।

পর্তুগাল জাতীয় দলেও রোনালদো এখনও গুরুত্বপূর্ণ সদস্য। সম্প্রতি পর্তুগালের হয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগ জয়ের স্বাদ পান আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার।