২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির আরেকটি লাল কার্ড ও কাঙ্ক্ষিত জয়

প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জাল অক্ষত রাখতে পারল এন্টসো মারেস্কার দল।

চেলসির আরেকটি লাল কার্ড ও কাঙ্ক্ষিত জয়
গোল করার পর রিস জেমসের (বাঁয়ে) উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 08:07 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম কয়েক রাউন্ডে এলোমেলো পারফরম্যান্সের পর ছন্দে ফেরার আভাস দিচ্ছে চেলসি। এবার নটিংহ্যাম ফরেস্টকে উড়িয়ে দিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে এন্টসো মারেস্কার দল। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

প্রথমার্ধে কয়েকটি সুযোগ হারানোর পর, তিনটি পরিবর্তন এনে দ্বিতীয়ার্ধে খেলতে নামে চেলসি। এবং এই অর্ধের শুরুতেই তিন মিনিটে দুবার জালে বল জড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।

৪৯তম মিনিটে বাঁ দিক থেকে পেদ্রো নেতোর দুর্দান্ত ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডে দলকে এগিয়ে নেন জশ আচেম্পং। এরপর, প্রায় ২০ গজ দূর থেকে নিখুঁত ফ্রি কিকে রক্ষণপ্রাচীরের মাঝের ফাঁকা দিয়ে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড নেতো।

প্রথমার্ধে গোলের জন্য তিনটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি নটিংহ্যাম। দুই গোল হজম করে যেন আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। কিন্তু কোনো কিছুই তাদের পক্ষে যাচ্ছিল না; ৭০তম মিনিটে দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগো জেসুসের শট ক্রসবারে লাগার পর, পোস্টেও বাধা পায়।

৮৪তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন রিস জেমস। কর্নারে উড়ে আসা বল পাঞ্চ করে ক্লিয়ার করার চেষ্টায় ব্যর্থ হন গোলরক্ষক, বল পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় পেয়ে জোরাল শটে গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার।

তিন মিনিট পর, একটি বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির ফরাসি ডিফেন্ডার মালু গুস্তো। যদিও ম্যাচের ফলে এর কোনো প্রভাব পড়েনি।

লিগ ও কাপ প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই চেলসির কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলেন।

আট ম্যাচে চেলসির এটা চতুর্থ জয়। সঙ্গে দুই ড্রয়ে ১৪ পয়েন্ট তাদের।