২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাসা সূচির প্রতিবাদে ফিফাকে ধর্মঘটের হুমকি ফুটবলারদের

পেশাদার ফুটবলারদের সংস্থা-পিএফএ এর প্রধান নির্বাহী মাহেতা মোলাঙ্গোর মতে, খেলোয়াড়দের সহ্যের সীমানা পেরিয়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2024, 06:30 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

একের পর এক ম্যাচ খেলে ক্লান্ত-শ্রান্ত ফুটবলাররা। ঠাসা সূচি নিয়ে অভিযোগও কম করা হয়নি। কিন্তু তাতে লাভ হচ্ছে না কিছুই। এবার ফিফাকে একরকম হুমকিই দিয়েছে প্রফেশনাল ফুটবলার’স অ্যাসোসিয়েশন (পিএফএ)। সংস্থাটির প্রধান নির্বাহী মাহেতা মোলাঙ্গো বলেছেন, ঠাসা সূচির প্রতিবাদে ধর্মঘটে যেতে প্রস্তুত ফুটবলাররা।

গত ফ্রেব্রুয়ারি থেকে সূচি পরিবর্তনের ডাক দেওয়া মোলাঙ্গোর বিশ্বাস, সহ্যের সীমানা পেরিয়ে গেছে খেলোয়াড়দের। তার মতে, ফুটবলের ঠাসা সূচি খেলোয়াড়দের স্বাস্থ্যের ক্ষতি করছে এবং খেলাটির মানও কমে যাচ্ছে।

সম্প্রতি বিবিসি-তে মোলাঙ্গো বলেন, তাই খেলোয়াড়রা ঠাসা সূচির বিরুদ্ধে প্রতিবাদে নামার জন্য উন্মুখ। 

“১০ দিনও হবে না, এমন একটি পরিস্থিতির কথা বলতে পারি, একটা ড্রেসিং রুমে গিয়েছিলাম যেটায় ঠাসা সূচির সরাসরি প্রভাব ছিল। আমি সেখানে বললাম, এখানে এসে ভালো লাগছে এবং আমি কিছুটা উচ্চস্বরে কথা বলে ফেলতে পারি, তবে শেষ পর্যন্ত এটা (ঠাসা সূচির প্রতিবাদ) আপনাদের ওপর নির্ভর করে। আপনারা কতদূর যেতে চান?”

“কেউ কেউ বলল, ‘আমি নিতে পারছি না, আমরা ধর্মঘটে যেতে পারি।’ কয়েকজন বলল, ‘এই খেলার মানে কী? হ্যাঁ, আমি কোটিপতি। কিন্তু সেই অর্থ ব্যয় করার তো সময়ই নেই আমার’।”

ফুটবল পঞ্জিকা নিয়ে অভিযোগ গত কয়েক বছর ধরে করা হচ্ছে। খেলোয়াড় থেকে শুরু করে কোচরাও একরকম অতিষ্ঠ ঠাসা সূচি নিয়ে। মোলাঙ্গো উদাহরণ হিসেবে টানলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা ও লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের কথা।

“ইউনিয়ন নয়, ইয়ুর্গেন ক্লপ ও পেপ গুয়ার্দিওলাই সূচি নিয়ে অভিযোগ করেছিল। আমরা এমন একটি পর্যায়ে পৌঁছে গেছি, যেখানে কোনো পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না।”

আগামী মৌসুম থেকে ইউরোপের তিনটি ক্লাব প্রতিযোগিতা-চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে দলের সংখ্যা বেড়ে হবে ৩৬। আর ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত মাঠে গড়ানোর কথা নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ। যেখানে দলের সংখ্যা ৩২টিতে বাড়ানো হয়েছে।

সম্প্রসারিত এসব প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত সপ্তাহে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সচিব মাতিয়াস গ্রাফস্ত্রমকে একটি চিঠি দেয় বিশ্ব ফুটবলাদের সংগঠন ফিফপ্রো ও ওয়ার্ল্ড লিগস অ্যাসোসিয়েশন (ডব্লিউএলএ)। তাদের সঙ্গে যোগ দেয় পিএফএ। তিন সংস্থা মিলিয়ে ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি পর্যন্ত দেয়।

ফিফা অবশ্য এসব হুমকিকে পাত্তা না দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে। আন্তর্জাতিক পঞ্জিকায় তাদের প্রতিযোগিতার সুবিধার্থে একতরফা কোনো সিদ্ধান্ত না নেওয়ার দাবি করে তারা। একই সঙ্গে ক্লাব বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেয় সংস্থাটি।

মোলাঙ্গোর মতে, বিষয়টি সহজভাবে সমাধান না করা গেলে প্রয়োজনে তৃতীয়পক্ষ অর্থাৎ বিচারসভায় যেতে হবে।

“ফিফা এবং উয়েফার কিছু পদক্ষেপের কারণে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের পঞ্জিকায় বাধ্য হয়েই কিছু পরিবর্তন আনতে হয়েছে। যেটা ঘটেছে তাতেই পরিষ্কার যে কিছু একটা করতে হবে। আমরা সবসময় সব ধরনের কূটনৈতিক পথ খোলা রাখার চেষ্টা করব, আমরা চিঠি পাঠিয়েছি, সেটার উত্তরও পেয়েছি।” 

“কিন্তু দুর্ভাগ্যবশত সময় আমাদের বিরুদ্ধে। কখনও কখনও প্রাপ্তবয়স্কদের মধ্যে সমাধানের জন্য খুব চেষ্টা করার পরেও সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন হয়, সম্ভবত সেটা হতে পারে একজন সালিশকারী কিংবা একটি ট্রাইব্যুনাল।”