২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়ের বিপক্ষে ‘কঠিন ম্যাচ’ নিয়ে দলকে যে বার্তা দিলেন ব্রাজিল কোচ

ব্রাজিলকে দলের তারকা ফুটবলারদের ছাড়া খেলতে শেখার তাগিদ দিয়েছেন দরিভাল জুনিয়র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 04:42 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

কোপা আমেরিকায় গ্রুপ পর্ব প্রত্যাশা অনুযায়ী কাটেনি ব্রাজিলের। ধুঁকতে থাকা দলটি অবশ্য জায়গা করে নিয়েছে কোয়ার্টার-ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ উড়তে থাকা উরুগুয়ে। লড়াইটি যে বেশ চ্যালেঞ্জিং হবে, অনুমান করতে পারছেন দরিভাল জুনিয়র। তাই দলকে মৌলিক বিষয়গুলোয় মনোযোগ ধরে রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ব্রাজিল কোচ।

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের অভিযানে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তাদের রুখে দেয় শক্তিতে তুলনামূলক পিছিয়ে থাকা কোস্টা রিকা। ম্যাচটি হয় গোলশূন্য ড্র।

পরের ম্যাচেই অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় কোপা আমেরিকার নয়বারের চ্যাম্পিয়নরা। প্যারাগুয়েকে উড়িয়ে দেয় তারা ৪-১ গোলে। তাতে অনেকটাই নিশ্চিত হয়ে যায় শেষ আটের টিকেট। বুধবার সকালে কলম্বিয়ার বিপক্ষে পেরে ওঠেনি ব্রাজিল। ১-১ গোলে ড্র করে শেষ করে গ্রুপ পর্ব।

তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের রানার্স হয় ব্রাজিল। তিন ম্যাচই জিতে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া উরুগুয়ের মুখোমুখি হবে তারা শেষ আটে। আগামী রোববার মাঠে গড়াবে দুই দলের লড়াই।

গত জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেন দরিভাল। কোপা আমেরিকার আগে স্রেফ চারটি ম্যাচে তার কোচিংয়ে খেলে দলটি। এই দলের শক্তি-সামর্থ্য ও দুর্বলতা সম্পর্কে জানার খুব বেশি সময় পাননি তিনি। কলম্বিয়া ম্যাচ শেষে দরিভাল বলেন, একটু একটু করে এগোচ্ছেন তারা।

“এটি একটি প্রক্রিয়া। কেউ ধাপগুলো এড়িয়ে যেতে পারে না। আপনি ‘বি’ তে না গিয়ে ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত যেতে পারবেন না। কোস্টা রিকার মতো ম্যাচ হবে, প্যারাগুয়ের মতো ভালো মুহূর্ত (৪-১ ব্যবধানে জয়) আসবে, কলম্বিয়ার বিপক্ষে খুব একটা ভালো হয়নি। আমি আশা করি, দল মৌলিক কাজগুলোতে উন্নতি চালিয়ে যাবে… আমাদের ভুল, সাফল্য এবং ঘাটতির জায়গাগুলো দেখাবে ফলাফল।”

“যেকোনো দল গঠনে এটা স্বাভাবিক। প্রস্তুতিতে কিছু দুর্দান্ত দিন কাটিয়েছি। তবে এটা এমন একটি দল গড়ার জন্য যথেষ্ট নয়, যারা ছোটখাটো সব সমস্যার সমাধান করেছে এবং কখনও বাজে পরিস্থিতিতে পড়ে না।”

চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা নেইমার খেলছেন না কোপা আমেরিকায়। উরুগুয়ের বিপক্ষে দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিউস জুনিয়রকেও পাবে না ব্রাজিল। হামেস রদ্রিগেসকে অহেতুক ফাউল করে গ্রুপ পর্বে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন তিনি।

দলের সেরা খেলোয়াড়দের ছাড়াই খেলতে শেখার তাগিদও দিলেন দরিভাল।

“দুর্ভাগ্যজনকভাবে, আমরা নেইমারের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দীর্ঘদিনের জন্য হারিয়েছি। নির্দিষ্ট একটা সময়ে আমাদের শিখতে হবে যে, গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কোনো ম্যাচে আমরা পাব না। অন্যদের এগিয়ে আসতে হবে। আমি মনে করি, এটাই উপায়। উরুগুয়ের বিপক্ষে আমাদের কঠিন ম্যাচ হবে।”