২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ বছর পর ভারত সফর, রোমাঞ্চিত মেসি

ব্যক্তিগত এই সফরে ভারতের চারটি শহরে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

১৪ বছর পর ভারত সফর, রোমাঞ্চিত মেসি
লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 10:53 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ব্যক্তিগত সফরে আগামী ডিসেম্বরে লিওনেল মেসি ভারতে যাবেন বলে খবর ছড়িয়ে পড়েছিল আগেই। আর্জেন্টাইন ফুটবল জাদুকর এবার নিশ্চিত করে দিলেন বিষয়টি। প্রায় দেড় দশক পর এশিয়ার দেশটিতে পা রাখতে তর সইছে না বিশ্বকাপ জয়ী তারকার।

৩৮ বছর বয়সী মেসি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আসন্ন ভারত সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। 

“এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে আনন্দের।” 

 “এই ইভেন্টগুলোর টিকেট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকাদের ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটাও হবে সম্মানের।”

আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড।

আগামী ১২ ডিসেম্বরে কলকাতায় পা রাখবেন মেসি। কলকাতায় সফর শুরুর পর আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন আটবারের ব্যালন দ’র জয়ী। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা তার। 

মেসি সবশেষ ভারতে গিয়েছিলেন ২০১১ সালে। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। 

আগামী নভেম্বরে একটি প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটির প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। তবে সেই সফরে দলের সঙ্গে মেসি যাবেন বা খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।