ক্লাবের আর্থিক অবস্থা তদারকিতে ইতালির পরিকল্পনাকে ফিফা ও উয়েফার ‘না’
ইতালি সরকারের কমিটি গঠনের পরিকল্পনাকে ‘খেলাধুলার স্বায়ত্তশাসন লঙ্ঘন’ বলছে ফিফা ও উয়েফা।
পেশাদার ক্লাবগুলোর বাজেট তদারকির জন্য একটি কমিটি গঠনের পরিকল্পনা করছে ইতালির সরকার। যার বিরোধিতা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
ইতালি ফুটবল অ্যাসোসিয়েশন এফআইজিসি এর প্রধান গাব্রিয়েল গ্রাভিনা মঙ্গলবার একথা জানিয়েছেন। সংসদীয় একটি শুনানিতে আইন প্রণেতাদের তিনি বলেন, সোমবার ফিফা ও উয়েফার একটা চিঠি পেয়েছে এফআইজিসি।
গ্রাভিনা উল্লেখ করেন, মেইলে এফআইজিসি-কে ‘খেলাধুলার স্বায়ত্তশাসন লঙ্ঘনকারী এই পদক্ষেপ থেকে সরে আসার জন্য সরকারকে চাপ দেওয়ার’ আহ্বান জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে একটি ইমেইলে উয়েফা বলেছে, “আমরা নিশ্চিত করছি যে, ডিক্রি প্রসঙ্গে উয়েফা ও ফিফার স্বাক্ষরিত একটি চিঠি এফআইজিসিকে পাঠানো হয়েছে।”
“উভয় সংস্থাই বিষয়টির ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং প্রয়োজনে আরও প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে।”
সাম্প্রতিক বছরগুলিতে ইতালির বড় ফুটবল দলগুলোর আর্থিক ও রেগুলেটরি সমস্যার পরে পেশাদার ক্লাবগুলোর বাজেট তদারকি করার জন্য কর্তৃপক্ষ স্থাপনের জন্য পদক্ষেপ নিয়েছিল রোম। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটির শীর্ষস্থানীয় ক্রীড়া কর্মকর্তারা।
আর্থিক লেনদেনে ফিন্যাসিন্সয়াল ফেয়ার প্লের (এফএফপি) আইন ভাঙায় ইউভেন্তুসকে ২০২৩-২৪ মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছিল উয়েফা। এছাড়া ২০২২/২৩ সেরি আর মৌসুমে তাদের ১০ পয়েন্টও কাটা হয়।
