Published : 02 Nov 2022, 04:06 AM
বিবর্ণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই দলের খেলায় ফিরল প্রাণের ছোঁয়া। লিভারপুলের জালে বল পাঠিয়েও গোল পেল না নাপোলি। শেষ দিকের দুই গোলে ইতালিয়ান দলটিকে হারিয়ে প্রতিশোধ নিল ইয়ুর্গেন ক্লপের দল।
অবশ্য জয় পেলেও ম্যাচে আসল লক্ষ্য পূরণ হয়নি লিভারপুলের। চ্যাম্পিয়ন্স লিগে ‘এ’ গ্রুপ থেকে এই দুই দলের শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়েছিল আগেই। নাপোলিকে টপকে গ্রুপ সেরা হতে ‘অল রেড’ নামে পরিচিত দলটির জিততে হতো অন্তত চার গোলের ব্যবধানে।
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে লিভারপুল। মোহামেদ সালাহ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান দারউইন নুনেস।
নাপোলির মাঠে ৪-১ গোলে হেরে আসর শুরু করেছিল ইংলিশ দলটি। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে গ্রুপ পর্ব শেষ করল তারা।
প্রথম জার্মান কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ক্লপের শততম ম্যাচের উপলক্ষটা জয়ে রাঙাল তার শিষ্যরা।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম হারের স্বাদ পেল নাপোলি। শেষ হলো সেরি আয় শীর্ষে থাকা দলটির ২১ ম্যাচের অপরাজেয় পথচলা।
প্রিমিয়ার লিগে সবশেষ দুই ম্যাচে হারা লিভারপুল ও নাপোলির প্রথমার্ধের খেলায় ধার ছিল না তেমন। এই সময়ে দুই দলই গোলের জন্য তিনটি করে শট নিয়ে একটি করে লক্ষ্যে রাখতে পারে। তার কোনোটিই অবশ্য কোনো গোলরক্ষককে ভাবাতে পারেনি।
পুরানো খবর:
ইন্টারকে হারিয়ে বায়ার্নের ‘ছক্কা’পুরানো খবর:
শেষটা অন্তত ভালো হলো বার্সেলোনারপুরানো খবর:
ইউরোপা লিগেও যাওয়া হলো না আতলেতিকোরদ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সতীর্থের ফ্রি-কিকে কাছ থেকে হেডে জালে বল পাঠিয়ে উদযাপনে মাতেন নাপোলির লেও ওস্টিগার। তবে ভিএআরের সাহায্যে দীর্ঘক্ষণ সময় নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান সালাহ। কর্নারে হেডে গোলটি করেন মিশরের এই ফরোয়ার্ড।
৭ গোল করে কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে এককভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা এখন সালাহ।
সাত মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে কাছ থেকে ব্যবধান বাড়ান নুনেস। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।
৬ ম্যাচে পাঁচটি করে জয়ে নাপোলি ও লিভারপুলের সমান ১৫ পয়েন্ট।
আরেক ম্যাচে রেঞ্জার্সকে ৩-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা আয়াক্স খেলবে ইউরোপা লিগে। রেঞ্জার্স হেরেছে সবগুলো।