২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘গুয়ার্দিওলার আস্তিনে থাকা চমক’ নিয়ে ভাবনায় আরবেলোয়া

ম‍্যানচেস্টার সিটির সম্ভাব‍্য সব বৈচিত্র‍্যের জন‍্য তৈরি থাকতে চান রেয়াল মাদ্রিদ কোচ।

‘গুয়ার্দিওলার আস্তিনে থাকা চমক’ নিয়ে ভাবনায় আরবেলোয়া
রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 11:52 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

মৌসুমে পঞ্চমবার নিউক‍্যাসল ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে ম‍্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলেছিলেন, দুই দল এতো বেশিবার মুখোমুখি হয়েছে কারও হাতেই কোনো চমক নেই। তবে রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়ার মত এই ক্ষেত্রে ভিন্ন। তিনি মনে করনে, সিটির খেলা যতবারই কেউ দেখুক না কেন, সবসময়ই তার জন‍্য কোনো না কোনো চমক অপেক্ষা করবে।

চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সিটির মুখোমুখি হবে রেয়াল। বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই। এর আগের দিন সংবাদ সম্মেলনে আরবেলোয়া বললেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে এই চমক যতটা সম্ভব এড়াতে চান তিনি। 

“গুয়ার্দিওলার আস্তিনে সবসময়ই কোনো না কোনো চমক থাকে। আপনি যতবারই তার দলের খেলা দেখুন না কেন, সবসময়ই কিছু না কিছু পাবেনই। তাই তাদের সম্ভাব‍্য সব বৈচিত্র‍্যের জন‍্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। যদি নতুন ফর্মেশন বা খেলোয়াড় না থাকে তো আমি অবাক হব। সবসময়ই তিনি নিজের কৌশল নিয়ে অতিরিক্ত চিন্তা করেন।”

ইংলিশি প্রিমিয়ার লিগের দলটিতে ম‍্যাচের ভাগ‍্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়ের কোনো অভাব নেই। তাই রক্ষণে ভালো করার দিকে জোর দিলেন রেয়াল কোচ। 

“অনেক খেলোয়াড়কে পাহারায় রাখতে হবে আমাদের। কারণ, তাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তারা দল হিসেবেও ভালো খেলে। তারা হয়তো চোখ বন্ধ করেও খেলতে পারবে। এই ম‍্যাচে আমাদের রক্ষণে খুব দৃঢ় হতে হবে। সেট পিসেও ভালো হতে হবে… প্রতিটা ছোট ছোট ব‍্যাপারও গুরুত্বপূর্ণ হবে। তবে আমরা মনোযোগী থাকব এবং লড়াইয়ের জন‍্য আত্মবিশ্বাসী থাকব।”  

গত ২০ জানুয়ারি মোনাকোর বিপক্ষে চ‍্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে রেয়াল কোচ বলেছিলেন, যে কোনো লড়াইয়ে তার দল ফেভারিট। চোটের জন‍্য অনেক খেলোয়াড় হারানোর পর এখনও কী একই মত আরবেলোয়ার?

“যদি আমি বলে থাকি তো আমি এটা বিশ্বাস করি। কোনো দল থেকে আমরা পিছিয়ে, এমন ভাবা উচিত নয়। আমরা জানি, এই লড়াই কতটা কঠিন হবে। তবে আমরা প্রবল উদ‍্যম নিয়ে এর মুখোমুখি হব। লড়াই করব তাদের চোখের দিকে তাকিয়ে।”