২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বের সেরা স্ট্রাইকার’ এমবাপে গোল না পেলেও সমস্যা দেখছেন না কোচ

গোল না পেলেও এমবাপে দারুণ খেলছেন বলেই মনে করেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 02:04 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

তিন ম্যাচে গোল নেই। তবে সেটা নিয়ে দুর্ভাবনাও নেই! কিলিয়ান এমবাপেকে নিয়ে আলাদা কোনো ভাবনা নেই বলেই দাবি করলেন কার্লো আনচেলত্তি। রেয়াল মাদ্রিদ কোচের মতে, এমবাপে বিশ্বের সেরা স্ট্রাইকার এবং গোল না পেলেও এই ফরোয়ার্ড দারুণ খেলে চলেছেন।

লা লিগায় তিন ম্যাচ খেললেও এখনও গোলের স্বাদ পাননি এমবাপে। রেয়াল মাদ্রিদ অধ্যায়ের শুরুটা তিনি দারুণ করেছিলেন অভিষেক ম্যাচে উয়েফা কাপের ফাইনালে গোল করে। তবে লিগের শুরুতে তার চেনা ধার দেখা যাচ্ছে না। এখনও প্রথম গোলের প্রহর গুণছেন তিনি এখানে।

গত দুই ম্যাচে অনেক সুযোগ যদিও তিনি পেয়েছেন। গোলে শট নিয়েছেন অনেকগুলো। লক্ষ্যেও ছিল বেশ কিছু। কিন্তু জালের দেখা পাননি। সাধারণত এসব সুযোগ তাকে হাতছাড়া করতে দেখা যায় না। 

টুকটাক প্রশ্নও তাই উঠতে শুরু করেছে তাকে নিয়ে। তবে আনচেলত্তি আগেও বলেছিলেন, এমবাপের গোল নিয়ে তার ভাবনা নেই। রেয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের আগেও একই কথা বললেন রেয়াল কোচ। 

“(এমবাপে) খুব ভালো খেলছে, যদিও সে এখনও গোল করেনি। তার উপস্থিতি ও প্রভাব প্রতিপক্ষের জন্য বিপদ বয়ে আনে। তার এখানে মানিয়ে নেওয়াটা সমস্যার হবে না।”

এমবাপে যোগ হওয়ার পর রেয়ালের আক্রমণভাগ এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি। অনেক ক্ষেত্রেই খাপছাড়া মনে হয়েছে এমবাপে, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোকে। বিশেষ করে, লাস পালমাসের বিপক্ষে ম্যাচে ভিনিসিউস ও এমবাপের সংযোগের ঘাটতি ছিল স্পষ্ট। 

আনচেলত্তির অবশ্য বিশ্বাস, সময়ের সঙ্গে এটিও পোক্ত হয়ে উঠবে। 

“আমার মনে হয়, তাদের (ভিনিসিউস ও এমবাপে) বন্ধন জমাট হয়ে উঠছে। আক্রমণে তারা ভালো করছে। এখানে কোনো সমস্যা হচ্ছে না, কারণ প্রতি ম্যাচেই আমরা গোল করেছি।”

“সময়ের সঙ্গে ওদের বোঝাপড়া আরও ভালো হয়ে উঠবে। শুধু ভিনির সঙ্গে নয়, মিডফিল্ডারদের সঙ্গে এমবাপের বোঝাপড়াও ভালো হবে আরও। আক্রমণভাগে আমাদের কোনো সমস্যা নেই। অনেক বছর ধরেই এই সমস্যা আমাদের নেই এবং এখন তো আরও হবে না, কারণ বিশ্বের সেরা স্ট্রাইকার এখন আমাদের।”

শুধু এমবাপেই নয়, সমালোচনার মুখে আছে রেয়াল মাদ্রিদও। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যেখানে মৌসুমের শুরুটা করেছেন দুর্দান্ত, চার ম্যাচের সবকটিই জিতে তারা পয়েন্ট তালিকায় আছে শীর্ষে, রেয়াল সেখানে প্রথম তিন ম্যাচেই হারিয়েছে চার পয়েন্ট।

সমালোচনাকে অবশ্য নিজেদের নিয়ত সঙ্গী বলেই মনে করেন এমবাপে। সেসবকে পাত্তা না দিয়ে তিনি ভাবছেন নিজেদের ভুল শোধরানোর কথা। 

“সমালোচনা খুবই স্বাভাবিক, কারণ এই দলের কাছে সবার প্রত্যাশা থাকে সর্বোচ্চ। মে মাস পর্যন্ত (মৌসুমের শেষ) সমালোচনার শিকার হতেই থাকব। এটা আমাদের জন্য একদমই সাধারণ।”

“আমরা খুশি নই অবশ্যই। তবে বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়ে নয়, আমরা খুশি নই কারণ, আমরা এখনও পর্যন্ত ভালো খেলিনি। মৌসুম অনেক লম্বা এবং পয়েন্টের এই ব্যবধান এমন কিছু নয়। আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করতে। এখনও পর্যন্ত আমর আঁটসাঁট হতে পারিনি। ফুটবলারদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারাও এটা মেনে নিয়েছে। সমস্যা পরিষ্কার হওয়া মানে সমাধানও সহজ।”