২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না লেভানদোভস্কি-বাল্দে

দুই ফুলব্যাক হিসেবে কাদের শুরু থেকে খেলাবেন, সেটাও জানালেন বার্সেলোনা কোচ।

রেয়াল মাদ্রিদের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না লেভানদোভস্কি-বাল্দে
রবের্ত লেভানদোভস্কি (বাঁয়ে) ও আলেহান্দ্রো বাল্দে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2025, 07:58 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

চোট কাটিয়ে মাঠে ফেরার জন‍্য প্রস্তুত আলেহান্দ্রো বাল্দে। তবে গত ম‍্যাচ দিয়ে মাঠে ফেরা রবের্ত লেভানদোভস্কির মতো এই ডিফেন্ডারও পুরো ম‍্যাচ খেলার জন‍্য এখনও প্রস্তুত নন। রেয়াল মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম‍্যাচে প্রথম পছন্দের এই দুই খেলোয়াড় বদলি নামতে পারেন বলে জানালেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।  

লা লিগায় রোববার মুখোমুখি হবে প্রতিযোগিতার শীর্ষ দুই দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

অনেক দিন ধরেই মাঠের বাইরে আছেন বার্সেলোনার প্রথম পছন্দের লেফট-ব‍্যাক বাল্দে। ইন্টার মিলানের বিপক্ষে চ‍্যাম্পিয়ন্স লিগ ম‍্যাচের স্কোয়াডেও ছিলেন না তিনি। 

ইন্টারের বিপক্ষে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ওই ম‍্যাচে যোগ করা সময়ের প্রথম মিনিটে মাঠে নামেন লেভানদোভস্কি। পোলিশ স্ট্রাইকার খেলেন অতিরিক্ত সময়ের পুরোটাতেই। কিন্তু তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি। ৪-৩ ব‍্যবধানে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায় নেয় বার্সেলোনা। এর আগে তাদের মাঠে প্রথম লেগ শেষ হয়েছিল ৩-৩ সমতায়। 

লা লিগায় এখনও ভালো অবস্থানে আছে বার্সেলোনা। ঘরের মাঠে রেয়ালের বিপক্ষে জিতলে শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে চলে যাবে ফ্লিকের দল। হেরে গেলে রেয়ালের সঙ্গে ব‍্যবধান নেমে আসবে কেবল ১ পয়েন্টে। 

এমন ম‍্যাচে কি লেভানদোভস্কি, বাল্দেকে শুরুর একাদশে রাখবেন ফ্লিক? শনিবার সংবাদ সম্মেলনে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন বার্সেলোনা কোচ।

“আমার মনে হয় না, ওরা শুরুর একাদশে থাকবে। জেরার্দ (মার্তিন) এবং অন‍্য খেলোয়ড়রা খুব ভালো করছে। এই ম‍্যাচের পর আরও তিন ম‍্যাচ থাকবে। সম্ভবত ওরা দ্বিতীয়ার্ধে খেলার সুযোগ পাবে।”

বাল্দের মতো মাঠের বাইরে আছেন বার্সেলোনার প্রথম পছন্দের রাইট-ব‍্যাক জুল কুন্দে। দুই ফুলব‍্যাকের জায়গায় রেয়ালের বিপক্ষে শুরু থেকে খেলতে পারেন মার্তিন ও এরিক গার্সিয়া। তাদের উন্নতিতে ভীষণ খুশি ফ্লিক। 

“এরা দুইজনই খুব পেশাদার এবং মৌসুমের শুরু থেকে অনেক উন্নতি করেছে। এতে আমি মোটেও অবাক নই। আপনারা দেখেছেন, চ‍্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জেরার্দ কেমন খেলেছে। আমরা বাল্দের অভাব অনুভব করেছি, তাকে ফিরে পাওয়া দারুণ ব‍্যাপার।”

“আর এরিকের ব‍্যাপারে আমি কী বলতে পারি? তার (দৃঢ়) মানিসকতা ও সামর্থ্যে আমার আস্থা আছে। তাকে আমি দুই নম্বর হিসেবে খেলতে বলি বা ছয় নম্বর, সে বলে, ‘ঠিক আছে।’ এটা খুব গুরুত্বপূর্ণ।”