নানা কারণে লিভারপুল কোচের কণ্ঠে ঝরল হতাশা
তবে আর্না স্লটের আশা, ঘরের মাঠের ফিরতি লেগে সবকিছু ভালোভাবে হবে।
গালাতাসারাইয়ের বিপক্ষে দারুণ কয়েকটি সুযোগ নষ্ট করে হেরে যাওয়া মানতেই পারছেন না লিভারপুল কোচ আর্না স্লট। সেই সঙ্গে ম্যাচে রেফারিং নিয়েও কিছুটা প্রশ্ন তুলেছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে শুরুর কয়েক মিনিটেই ভালো দুটি সুযোগ তৈরি করে লিভারপুল। কিন্তু ফ্লোহিয়ান ভিয়েৎসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরের মিনিটে দমিনিক সোবোসলাইয়ের শট প্রতিহত হয়।
এরপর, সপ্তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই এগিয়ে যায় গালাতাসারাই। মারিও লেমিনার ওই গোলের ব্যবধান শেষ পর্যন্ত ধরে রেখে ১-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বেও এই মাঠে একই ব্যবধানে হেরেছিল লিভারপুল।
মঙ্গলবার রাতে লিভারপুলের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। এগিয়ে যাওয়ার পর আক্রমণে জোর দেয় গালাতাসারাই, ভালো কিছু সুযোগও পায় তারা। আবার উল্টোটাও হতে পারতো, উন্মুক্ত লড়াইয়ে লিভারপুলের সামনেও সুযোগ আসে পরে।
সম্ভাবনা জাগিয়েও গোল করতে পারার হতাশা ম্যাচ শেষে প্রকাশ পেল স্লটের কথায়।
“আমরা ম্যাচটি সত্যিই খুব ভালোভাবে শুরু করেছিলাম, এমনকি তিন মাস আগের লড়াইটির চেয়েও ভালো।”
“আমাদের তিনটি বা চারটি দুর্দান্ত মুহূর্ত ছিল। সবচেয়ে সেরা সুযোগটি ছিল যখন ফ্লোহিন ভিয়েৎস প্রায় ফাঁকা জাল পেয়েছিল, কিন্তু সে বল লক্ষ্যে পাঠাতে পারেনি।”
“আমরা গোল করতে পারিনি এবং গতবারের মতো, প্রথম আক্রমণে তারা কর্নার পেল এবং একটা সুযোগ পাওয়ার পর তারা যেভাবে খেলে, মনে হয় যেন এটাই তাদের জীবনের শেষ সুযোগ-আর এজন্য তাদেরকে বাহবা দেওয়া উচিত।”
প্রতিপক্ষের কাছ থেকে নিজেদের শেখার আছে বলেও মনে করেন স্লট।
“তাদের এমন মানসিকতা থেকে অবশ্যই আমরা শিখতে পারি। কখনও কখনও আমরা সুযোগ পেয়ে এমনভাবে (গুরুত্বহীণ) খেলি যে, পরেও তো আরও ১০টা সুযোগ আসবে। ”
৭০তম মিনিটে সোবোসলাইয়ের কর্নারে বল জটলার মধ্যে ইব্রাহিমা কোনাতের হাতে লেগে জালে জড়ায়। দীর্ঘ সময় অপেক্ষার পর হ্যান্ডবলের ইশারা দেন রেফারি।
ওই ঘটনা প্রসঙ্গে স্লটের কণ্ঠে কেবল হতাশাই ঝরে, “মনে হয় না এটা সম্ভব, যে এতকিছু আমাদের বিপক্ষে যেতে পারে।”
রেফারি জিল মানজানোর সিদ্ধান্ত নিয়ে সরাসরি আপত্তি না তুললেও, ইঙ্গিতটা তেমনই দিলেন স্লট। তার বিশ্বাস, “ঘরের মাঠের লড়াইয়ে তাদের জন্য সবকিছু আরও স্বাভাবিক হবে।”
আগামী বুধবার ফিরতি লেগ মাঠে গড়া্বে লিভারপুলের অ্যানফিল্ডে।
