মেসির মতো গোল করে কুন্দে বললেন ‘ভাগ্যের ছোঁয়া’
ক্যারিয়ারে প্রথমবার জোড়া গোল করে আনন্দের সাগরে যেন ভাসছেন ফরাসি ডিফেন্ডার।
টানা পাঁচ ম্যাচে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জিতল বার্সেলোনা। এবারের জয়ের নায়ক জুল কুন্দে ক্যারিয়ারে প্রথমবারের মতো করলেন জোড়া গোল। আনন্দের সাগরে ভাসতে থাকা কুন্দে বললেন, ভাগ্যের ছোঁয়ায় এসেছে এই সাফল্য।
কাম্প নউয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফেরার উপলক্ষ রাঙায় বার্সেলোনা। মঙ্গলবার তারা জয় পায় ২-১ গোলে।
ইউরোপ সেরার মঞ্চে আগের দুই ম্যাচে ক্লাব ব্রুজের সঙ্গে ৩-৩ ড্রয়ের পর চেলসির বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয় হান্সি ফ্লিকের দল। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জয় তাদের খুব প্রয়োজন ছিল। সেটি যার নৈপুণ্যে এলো, সেই কুন্দে জোড়া গোল করবেন ভাবতেও পারেননি বার্সেলোনা কোচ।
বিরতির পর দূরের পোস্টে মার্কাস র্যাশফোর্ডের নিখুঁত ক্রসে সঙ্গে থাকা খেলোয়াড়কে এড়িয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন কুন্দে। তিন মিনিট পর ইয়ামালের আরেকটি দারুণ ক্রসে ছুটে গিয়ে চমৎকার হেডে বল জালে পাঠান তিনি।
এই গোলের সঙ্গে অনেকেই ২০০৯ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের লিওনেল মেসির সেই বিখ্যাত হেডে করা গোলের মিল পাচ্ছেন।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানানোর সময় মজার ছলেই কুন্দে স্বীকার করে নেন দ্বিতীয় গোল পুরোপুরি ইচ্ছাকৃত ছিল না।
“বাঁকানো শটে আমি কেবল বক্সে ঢুকে দেখতে চেয়েছিলাম কী ঘটে। সত্যি বলতে, আমি নিজেও কিছুটা চমকে গেছি। তবে কখনও কখনও আপনার কিছুটা ভাগ্যেরও প্রয়োজন হয়।”
“আমার প্রথম কাজ ভালোভাবে রক্ষণ সামলানো, তাই আমার একটা ভারসাম্য রাখতে হয়। এমন কিছু ম্যাচ থাকে যেখানে আমরা পাঁচ ডিফেন্ডারের বিপক্ষে খেলি। আজ ফ্রাঙ্কফুর্ট অনেক গভীরে গিয়ে খেলছিল। এখানে তাদের পেছনে যে জায়গা ছিল সেখানে আক্রমণ করতে হয়েছে। আমিও সেই চেষ্টাই করেছি।”
প্রাথমিক পর্বে ৬ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে আরও চার দলের সমান ১০ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে বার্সেলোনা। চতুর্থ হারের স্বাদ পাওয়া ফ্রাঙ্কফুর্ট ৪ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে আছে।
