২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোর সেমিকে ‘স্রেফ আরেকটি ম্যাচ’ হিসেবে দেখছেন রাইস

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অধরা শিরোপা এবার জিততে আশাবাদী ইংল্যান্ডের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 09:01 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এখনও পুরোপুরি নিজেদের মেলে ধরতে পারেনি ইংল্যান্ড। চারিদিকে তাদের পারফরম্যান্স নিয়ে চলছে সমালোচনা। টানা দ্বিতীয় আসরে ফাইনাল খেলার হাতছানি সামনে রেখে নানামুখী চাপ পেয়ে বসার কথা স্বাভাবিকভাবেই। সেই চাপ কমাতেই কি-না, নেদারল্যান্ডসের বিপক্ষে আসছে সেমি-ফাইনালকে স্রেফ আরেকটি ম্যাচ হিসেবে দেখছেন ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইস।

ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংল্যান্ড। ডর্টমুন্ডে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

প্রথম পর্বে মাত্র একটি ম্যাচ জিতলেও অন্য দুই ম্যাচ কষ্টে ড্র করে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় ইংল্যান্ড। এরপর শেষ ষোলোয় স্লোভাকিয়াকে ২-১ গোলে হারায় তারা। আর কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জয় তুলে নেয় ৫-৩ ব্যবধানে।

আসরে দলের পাঁচটি ম্যাচের সবকটিতে পুরা সময় খেলেছেন রাইস। শেষ চারের লড়াইয়ের আগের দিন তিনি বললেন, তেমন কোনো বাড়তি চাপ তিনি বা তার দল নিচ্ছে না।

“কাজটা সবসময়ের মতোই…আমি নিজের ওপর খুব বেশি চাপ দিচ্ছি না। এটি (সেমি-ফাইনাল) নিয়ে খুব বেশি ভাবছিও না। ফুটবলের অন্য আরেকটি ম্যাচই তো। হ্যাঁ, এটা একটা সেমি-ফাইনাল লড়াই এবং ম্যাচ নিয়ে আমি এভাবেই ভাবছি।”

“আমরা এখানে এসেছি একটি লক্ষ্য নিয়ে, ডাচরাও তাই এবং আশা করি সেরা দল জিতবে। এটা ফুটবল খেলা, আমরা মনে করি আমাদের দল ভালো ছন্দে আছে।”

নেদারল্যান্ডসকে হারাতে পারলে সব মিলিয়ে বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) তৃতীয় ফাইনালে উঠবে ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসের একমাত্র বড় শিরোপাটি জিতেছিল ইংলিশরা।

এরপর আর কোনো শিরোপা স্বাদ না পাওয়া ইংল্যান্ড ২০২০ ইউরোয় ফাইনাল খেলেছিল। সেখানে ইতালির বিপক্ষে ১-১ ড্র করার পর টাইব্রেকারে হেরে ভাঙে তাদের শিরোপা জয়ের আশা। এবার সেই ক্ষতে প্রলেপ দিতে আত্মবিশ্বাসী ইংলিশরা। দলটির মিডফিল্ডার রাইস বললেন, ইতিহাস গড়তে মুখিয়ে আছেন তারা।

“আমরা দারুণ আত্মবিশ্বাসী। আমাদের পাশে থাকুন, সমর্থন করুন কারণ আমরা আপনাদের সেই ভালবাসা, সেই শক্তি অনুভব করছি। আশা করি, টানা দুটি ফাইনালে উঠে আমরা আবার ইতিহাস গড়তে পারব।”