চোট কাটিয়ে বার্সেলোনার অনুশীলনে গাভি
হাঁটুর গুরুতর চোটে প্রায় ১০ মাস বাইরে থাকার পর মাঠে ফেরার কাছাকাছি এখন এই স্প্যানিশ মিডফিল্ডার।
মাঠে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সতীর্থরা। মাঝ দিয়ে দৌড়ে গেলেন গাভি। তার পিঠ চাপড়ে দিলেন সবাই। এভাবেই এই মিডফিল্ডারকে ‘গার্ড অব অনার’ দিয়ে তার বার্সেলোনার অনুশীলনে ফেরাটা উদযাপন করলেন সতীর্থরা।
হাঁটুর গুরুতর চোটে প্রায় ১০ মাস বাইরে থাকার পর মাঠে ফেরার কাছাকাছি এখন গাভি। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ২০ বছর বয়সী ফুটবলার।
গত বছরের নভেম্বরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জর্জিয়ার বিপক্ষে ম্যাচে বল নিয়ন্ত্রণ নেওয়ার সময় পড়ে গিয়ে হাঁটুতে চোট পান গাভি। চোখে জল নিয়ে মাঠ ছাড়েন তিনি। স্ক্যান রিপোর্টে জানা যায়, হাঁটুর এসিএল (এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) পুরোপুরি ছিঁড়ে গেছে তার। একইসঙ্গে ল্যাটেরাল মেনিসকাসও ক্ষতিগ্রস্ত হয়।
পরে অস্ত্রোপচার করাতে হয় তার। শুরু হয় দীর্ঘ পুনর্বাসন। স্পেনের হয়ে খেলতে পারেননি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে, যেখানে ট্রফি উঁচিয়ে ধরে স্প্যানিশরা। অবশেষে ক্লাবের অনুশীলনে ফিরতে পারলেন তিনি।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই পর্যায়ে তার সম্ভাব্য মাঠে ফেরার কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। সামনের দিনগুলোতে কাজের চাপে তিনি কীভাবে সাড়া দেন, তার ওপরই নির্ভর করবে মাঠে ফেরা।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী রোববার লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে বার্সেলোনা। আগামী বৃহস্পতিবার মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান।
১৬ বছর বয়সেই বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হয় গাভির। দারুণ প্রতিভাবান এই মিডফিল্ডার এখন পর্যন্ত কাতালান দলটির জার্সিতে খেলেছেন ১১১ ম্যাচ।
গাভির অনুশীলনে ফেরাটা কোচ হান্সি ফ্লিকের জন্য বড় স্বস্তির খবর। সাম্প্রতিক সময়ে মিডফিল্ডে খেলোয়াড় সংকটে ভুগছে বার্সেলোনা।
ফ্রেংকি ডি ইয়ং বাইরে আছেন অ্যাঙ্কেলের চোটে। আন্তর্জাতিক বিরতির সময় চোট পেয়েছেন ফের্মিন লোপেস। এসিএল চোটে মৌসুম শেষ হয়ে গেছে মার্ক বের্নালের। গত মৌসুমে মিডফিল্ডে খেলা সেন্টার-ব্যাক আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনও চোটে বাইরে আছেন। গ্রীষ্মের দলবদলে ক্লাব ছেড়েছেন ওরিওল রোমেউ ও ইলকাই গিন্দোয়ান।
এই মৌসুমে বার্সেলোনার শুরুটা হয়েছে দারুণ। লা লিগায় চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্লিকের দল। দ্বিতীয় স্থানে থাকা শিরোপাধারী রেয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা।
