৪০০ ছুঁয়ে এমবাপের চাওয়া আরও ৪০০, দৃষ্টি আছে হাজার গোলেও
ক্রিস্তিয়ানো রোনালদোর মতো ১ হাজার গোলের পেছনে ছোটা যদিও অবাস্তব মনে হয় কিলিয়ান এমবাপের, তবু তিনি চেষ্টা করতে চান।
বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারাই ছিল যথেষ্ট আনন্দের উপলক্ষ। তবে দলের প্রাপ্তির সঙ্গে কিলিয়ান এমবাপের যোগ হয় নিজের অর্জনও। দলের বড় জয়ে নিজের জোড়া গোল আর ক্যারিয়ারে চারশ গোলের মাইলফলক স্পর্শ করা। এটিকে অবশ্য বড় কিছু মনে করছেন না এই তারকা। আরও চারশ গোল করলে বলার মতো কিছু হবে বলে মনে করেন তিনি। এমনকি অসম্ভব মনে হলেও চোখ রাখছেন হাজার গোলে।
প্যারিসে বৃহস্পতিবার ইউক্রেইনকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফ্রান্স। ৫৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ৮৩তম মিনিটে আরেকটি গোল করেন এমবাপে।
এই দুই গোলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডের দিকে আরেকধাপ এগিয়ে গেছেন এমবাপে। ২৬ বছর বয়সী তারকা পূর্ণ করেছেন ক্যারিয়ারে ৪০০ গোল।
ম্যাচের পর অবশ্য তিনি বললেন, এমন মাইলফলক তার কাছে বড় কিছু নয়।
“৪০০ গোলে লোকে মুগ্ধ হয় না। মানুষকে চমক দেওয়ার মতো কিছু করতে হলে আরও ৪০০ গোল করতে হবে।”
৮০০ গোল হলে হাজার গোল কেন নয়? ক্রিস্তিয়ানো রোনালদো যেমন ঘোষণা দিয়েই ছুটছেন ক্যারিয়ারে হাজার গোলের দিকে।
সেই উচ্চতাকে এখন দৃষ্টিসীমার বাইরেও মনে করেন এমবাপে। তবে অসম্ভবকে সম্ভব করতে চেষ্টায় কমতি রাখতে চান না তিনি।
“ক্রিস্তিয়ানো রোনালদোর ১ হাজার গোল? সেটি (ছোঁয়া) অবাস্তব। তবে অভাবনীয় কিছুর চেষ্টাই করা যাক! আমাদের একটাই ক্যারিয়ার, চেষ্টা করে যেতে হবে।”
বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে অবশ্য বড় স্বস্তি পাচ্ছেন এমবাপে। গত বিশ্বকাপের রানার্স আপ ও আগের বিশ্বকাপের চ্যাম্পিয়নদের জন্য বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা স্রেফ আনুষ্ঠানিকতার মতো। তবে এটিও যে বড় অর্জন, সেটি মনে করিয়ে দিলেন এমবাপে।
“খুবই গর্বিত সেখানে (বিশ্বকাপে) জায়গা করে নিতে পেরে। এটাকে কখনোই হালকা করে দেখা উচিত নয়। এখন এটা হয়তো আমাদের জন্য খুব স্বাভাবিক হয়ে গেছে। তবে ফ্রান্স জাতীয় ফুটবল দলের ইতিহাসে সবসময়ই ব্যাপারটি এমন ছিল না।”
“সবাই জানে, ফুটবল নিয়ে সবাই কথা বলতে পারে। তবে বিশ্বকাপে খেলা মানে ভিন্ন ব্যাপার… যারা বিশ্বকাপে খেলেছে, কেবল তারাই জানে, এটা কতটা স্পেশাল। গোটা বিশ্বের সামনে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারা দারুণ সম্মানের।”
বিশ্বকাপে ফ্রান্সের লক্ষ্য শিরোপা জয়, এমবাপে তা স্পষ্ট করেই বললেন। গত বিশ্বকাপে তুমুল উত্তেজনাপূর্ণ সেই ফাইনালকেই আগামী বিশ্বকাপের প্রেরণা করে নিতে চান সেই ম্যাচে হ্যাটট্রিক করা তারকা।
“অবশ্যই আমরা বিশ্বকাপে যাব জয়ের জন্য, অন্য ৪৮ দলের মতোই। ফ্রান্স জাতীয় দলের জার্সিতে তৃতীয় তারকা এঁকে দেওয়াটা আমাদের স্বপ্ন। ২০২২ বিশ্বকাপের ফাইনালকেই আগামী বিশ্বকাপের জন্য বিশ্বাসের রসদ করে নিতে হবে আমাদের। আমরা ড্রয়ের অপেক্ষায় থাকব এবং এরপর গ্রুপ ম্যাচগুলোয় মনোযোগ দেব।”
