পেনাল্টি মিসের পর জয়সূচক গোল করে বেলিংহ্যাম বললেন, ‘দলের পাওনা ছিল’
দলের ও সমর্থকদের প্রতি ঋণ শোধ করতে পেরে খুশি রেয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার।
ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটা অম্লমধুর অভিজ্ঞতায় কেটেছে জুড বেলিংহ্যামের। প্রথমে তিনি মিস করেন একটি পেনাল্টি। পরে সতীর্থের গোলে অবদান রাখার পর শেষ দিকে নিজেই জালে বল পাঠিয়ে গড়ে দেন ব্যবধান। জয়সূচক গোলটি তার কাছে দলের পাওনা ছিল বলে মনে করেন এই ইংলিশ মিডফিল্ডার।
ভালেন্সিয়ার মাঠে শুক্রবার লা লিগার ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে পেনাল্টি মিস করে সমতা ফেরানোর সুযোগ হারান বেলিংহ্যাম। কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রকে বাদ দিয়ে তার স্পট কিক নেওয়াটাই ছিল কিছুটা অবাক করার মতো। তার শট লাগে পোস্টে।
৭৯তম মিনিটে ভিনিসিউস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে রেয়ালের বিপদ আরও বাড়ে। ৮৫তম মিনিটে বেলিংহ্যামের দারুণ পাস থেকে সমতা টানেন খানিক আগেই বদলি নামা লুকা মদ্রিচ। ৯৫তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন বেলিংহ্যাম। ২-১ গোলের নাটকীয় জয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠে শিরোপাধারীরা।
ম্যাচের পর রেয়াল মাদ্রিদ টিভিকে বেলিংহ্যাম বলেন, পেনাল্টি মিসের পর দল ও সমর্থকদের কাছে ঋণী হয়ে পড়েন তিনি।
“পাগলাটে এক ম্যাচ। সত্যি বলতে, গোলটি আমার কাছের দলের পাওনা ছিল। যখন দল এত কঠোর পরিশ্রম করে, একটি পেনাল্টি পায় এবং তখন সেটি মিস করাটা খুব খারাপ হয়ে যায়। মনে হচ্ছিল, ওই মুহূর্তে আমি দলকে ডুবিয়েছি। তখন আমার মনোযোগ ফিরে পেতে হয়েছে। পেনাল্টি মিস, লাল কার্ড, খেলায় এসব হয়ই। আমার সতীর্থরা ছিল অসাধারণ। তারা আমাকে বলেছিল, চেষ্টা করে যেতে এবং আমি তাই করেছি।”
