২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

লম্বা আন্তর্জাতিক বিরতি নিয়ে উদ্বিগ্ন মরিনিয়ো

রেয়াল মাদ্রিদ কোচ মনে করেন, তিন সপ্তাহ খেলোয়াড়দের ক্লাবের বাইরে থাকাটা পরিস্থিতি জটিল করে তুলতে পারে।

লম্বা আন্তর্জাতিক বিরতি নিয়ে উদ্বিগ্ন মরিনিয়ো
জোসে মরিনিয়ো (মাঝে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 07:21 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

মৌসুমের শুরুর দিকেই আন্তর্জাতিক বিরতির জন‍্য ক্লাব ছাড়তে হবে খেলোয়াড়দের। এ নিয়ে বেশ উদ্বিগ্ন রেয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিয়ো।  

আগামী ২১ সেপ্টম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে চার ম‍্যাচের প্রলম্বিত বিরতি। কেন এই বিরতি ভাবাচ্ছে, এর ব‍্যাখ‍্যা দিলেন মরিনিয়ো।

“আন্তর্জাতিক ম‍্যাচগুলো আমাকে ভাবায়। এটা দীর্ঘ বিরতি। যারা জাতীয় দলের হয়ে খেলবে তাদের নিয়ে আমি ততটা উদ্বিগ্ন নই। কিন্তু যারা দলে ডাক পাবে কিন্তু খেলার সুযোগ পাবে না তাদের নিয়ে বেশি উদ্বিগ্ন।”

ভিনিসিউস জুনিয়রসহ রেয়ালের যারা ব্রাজিল দলে ডাক পাবেন, তাদের নিয়ে মোটেও উদ্বিগ্ন নন মরিনিয়ো। সেটা অবশ‍্য পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের কোচ কার্লো আনচেলত্তির জন‍্য।

“কার্লোর সঙ্গে কোনো সমস‍্যা না। অন‍্যরা, যাদের সঙ্গে আমাদের এই পর্যায়ের আস্থা নেই, সেখানে তিন সপ্তাহের জন‍্য খেলোয়াড়দের পাঠানো খুবই জটিল হবে।

“আমরা সেই সব কোচদের পেশাদারিত্বের ওপর আস্থা রাখব। আমি এটাকে নাটকীয় করতে চাই না, তবে অনেক সময়ই জাতীয় দলে খেলার সময় খেলোয়াড়রা চোট পায়। কয়েক সপ্তাহ ধরে যে কাজ করছিল, সেটা থেকে সরে যায় এবং চোটে ছিটকে যায়। কিন্তু এটা এমনই, এখানে আমাদের কিছু করার নেই।”