আত্মসমালোচনা করে ‘বর্তমান ইউনাইটেডকে ইতিহাসের বাজে দল’ বলেছিলেন আমুরি
এভাবে বলা উচিত হয়নি বলে স্বীকার করে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ।
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি হুবেন আমুরি। তার দলকে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে বাজে বলে মন্তব্য করেন তিনি। তার ওই কথা নিয়ে ইংলিশ ফুটবলে চলছে চর্চা। এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন পর্তুগিজ কোচ।
গত রোববার ঘরের মাঠে শক্তিতে পিছিয়ে থাকা ব্রাইটনের বিপক্ষে পাত্তাই পায়নি ইউনাইটেড। নিজ আঙিনায় হেরে বসে তারা ৩-১ গোলে। ওল্ড ট্র্যাফোর্ডে চলতি লিগে ১২ ম্যাচের মধ্যে যা ইউনাইটেডের ষষ্ঠ পরাজয়।
ব্যর্থতার বৃত্তে বন্দি ইউনাইটেড এরিক টেন হাগকে ছাঁটাই করে গত নভেম্বরে আমুরিকে দায়িত্ব দেয়। নতুন কোচ এনেও ভাগ্য বদলায়নি তাদের। আমুরির কোচিংয়ে ১৫ ম্যাচের ৭টিতে হারে ইউনাইটেড। লিগ টেবিলে তাদের অবস্থান ১৩তম।
সবশেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে শোচনীয় হারের পর হতাশা ঝরে আমুরির কণ্ঠে। তখনই ওই মন্তব্য করে বসেন তিনি।
ইউরোপা লিগে বৃহস্পতিবার রেঞ্জার্সের মুখোমুখি হবে ইউনাইটেড। আগের দিন আমুরির সংবাদ সম্মেলনে ওঠে তার ওই মন্তব্যের প্রসঙ্গ। তিনি বলেন, তার ক্ষোভ মূলত নিজের ওপর। সেদিন খেলোয়াড়দের চেয়ে নিজেকে নিয়েই বেশি সমালোচনা করেছিলেন তিনি।
“এটা (গত ম্যাচে হারের পর সমালোচনা) বেশিরভাগই আমার জন্য ছিল। খেলোয়াড়দের চেয়ে নিজেকে নিয়ে বেশি সমালোচনা করছিলাম।”
“মাঝেমধ্যে আমিও হতাশ হই... এভাবে বলা উচিত নয় আমার, তবে বিষয়টি এমনই...কখনও কখনও হতাশা লুকানো সত্যিই কঠিন।”
নিজের ভুল বুঝতে পেরেছেন আমুরি। ভবিষ্যতে এভাবে কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন তিনি।
“অল্প বয়সের একজন হিসেবে মাঝেমধ্যে ভুল হবে এবং সে জায়গায় উন্নতি হবে। আমি কথা দিতে পারছি না যে, এমনটা আর করব না। আমি জানি না। তবে উন্নতির চেষ্টা করব।”
