২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামাভিঙ্গার লাল কার্ড নিয়ে ক্ষোভে ফুঁসছে রেয়াল মাদ্রিদ

এই লাল কার্ড তাদের ছিটকে পড়ায় বড় প্রভাব রেখেছে বলেই মনে করেন দলটির কোচ আলভারো আরবেলোয়া।

কামাভিঙ্গার লাল কার্ড নিয়ে ক্ষোভে ফুঁসছে রেয়াল মাদ্রিদ
কামাভিঙ্গাকে লাল কার্ড দেখানোর পর রেফারির সঙ্গে রেয়াল মাদ্রিদের ফুটবলাররা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 02:58 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

আরও একবার পিছিয়ে থেকে প্রতিপক্ষের মাঠে নেমে প্রত্যাবর্তনের আশা জাগায় রেয়াল মাদ্রিদ। কিন্তু এক মুহূর্তেই যেন তাদের সব পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে দলটির ছিটকে পড়ার পেছনে এদুয়ার্দো কামাভিঙ্গার লাল কার্ড বড় প্রভাব রেখেছে বলেই মনে করেন কোচ আলভারো আরবেলোয়া।

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে ফিরতি লেগে প্রথমার্ধে গোলের বন্যা বয়ে যায়। দুই দল মিলে পাঁচবার জালের দেখা পায় এবং ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রেয়াল। দুই লেগ মিলিয়ে তখন ৪-৪ সমতা। দ্বিতীয়ার্ধে বায়ার্ন আক্রমণে ছড়ি ঘোরালেও, ঘর ঠিকঠাক সামলে রাখে। মাঝেমধ্যে পাল্টা আক্রমণে ভীতিও ছড়াচ্ছিল তারা। 

কিন্তু নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে কামাভিঙ্গা বহিষ্কার হলে প্রবল ধাক্কা খায় রেয়াল, যা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। ৬৮তম মিনিটে ব্রাহিম দিয়াসের বদলি নামার ১০ মিনিটের মাথায় প্রথম হলুদ কার্ড দেখেন কামাভিঙ্গা। আর আট মিনিট পর কেইনকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফরাসি মিডফিল্ডার।

এর তিন মিনিট পরই লুইস দিয়াসের গোলে ম্যাচে সমতায় ফেরে বায়ার্ন, এবং এগিয়ে যায় দুই লেগ মিলিয়ে। আর যোগ করা সময়ের শেষ মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন মাইকেল ওলিসে।

চরম হতাশায় মেজাজ হারিয়েই কিনা, শেষ বাঁশির পর ম্যাচ অফিসিয়ালের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বহিষ্কার হন রেয়ালের জোড়া গোল করা আর্দা গিলের।

ম্যাচের পর মুভিস্টারকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোচ আরবেলোয়া বললেন, ওই লাল কার্ডেই সবকিছু বদলে গেছে।

“আমার মতে, এটা নিশ্চিত (ওই লাল ম্যাচে ফল নির্ধারক হয়ে গেছে)। এমন একটা ঘটনায় একজন খেলোয়াড়কে আপনি বহিষ্কার করতে পারেন না। আমার মনে হয়, রেফারি হয়তো জানতোও না যে কামাভিঙ্গার আগেই একটা হলুদ কার্ড আছে।”

ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের চোখে রেফারির এই সিদ্ধান্ত ‘তামাশা’ ছাড়া কিছুই নয়। মিক্সড জোনে যেতে যেতে তাই বললেন তিনি।

“(কামাভিঙ্গা) দুইটা ফাউল করল, দুইটা হলুদ কার্ড দেখল।”

জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগার তো রাগে কথাই বলতে চাইলেন না।

“(এই বিষয়ে) কথা না বলাই ভালো…আপনি তো দেখেছেন, তাই না?”