১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘হোমওয়ার্কের ফসল’ সোবোসলাইয়ের ফ্রি কিক গোল

মার্সেইয়ের বিপক্ষে ফ্রি কিকে কৌশলী গোলের পেছনের গল্প শোনালেন লিভারপুলের এই মিডফিল্ডার।

‘হোমওয়ার্কের ফসল’ সোবোসলাইয়ের ফ্রি কিক গোল
দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দিয়ে উল্লসিত দমিনিক সোবোসলাই। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 05:12 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

কাজে এসেছে দমিনিক সোবোসলাইয়ের ‘হোমওয়ার্ক।’ মার্সেইয়ের বিপক্ষে ফ্রি কিকে কৌশলী গোলের পর সে কথাই বললেন লিভারপুলের এই মিডফিল্ডার। 

চ‍্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে মার্সেইয়ের মাঠে ৩-০ গোলে জয় পায় লিভারপুল। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে নিয়েছিলেন সোবোসলাই।

২০ গজ দূরে ফ্রি কিক পায় লিভারপুল। মার্সেইয়ের চার খেলোয়াড় মিলে দেয়াল তৈরি করেন। বাড়তি সুরক্ষা হিসেবে সেটার পেছনে দলটির কোনো খেলোয়াড় শুয়ে ছিলেন না, সামনের সবাই লাফিয়ে উঠলে যিনি নিচু শট ঠেকাতে পারতেন।

মার্সেইয়ের চার খেলোয়াড়ই লাফিয়ে উঠলে তাদের নিচ দিয়ে গড়ানো শটে জাল খুঁজে নেন সোবোসলাই।

সাম্প্রতিক সময়ে দেয়ালের পেছনে একজন শুয়ে থাকাই স্বাভাবিক চিত্র। মার্সেইয়ের মাঠে এদিন ছিল ব‍্যতিক্রম। ম‍্যাচ শেষে টিএনটি স্পোর্টসে জানানো প্রতিক্রিয়ায় সেটার সুযোগ নেওয়ার কথা বললেন লিভারপুলের হাঙ্গেরিয়ান মিডফিল্ডার।

“আমি নিজের হোমওয়ার্ক করেছিলাম, আমাকে বলা হয়েছিল, যদি কেউ শুয়ে না থাকে তখন সম্ভবত আমার সামনে সুযোগ থাকবে দেয়ালের নিচ দিয়ে শট নেওয়ার। কেউ শুয়ে ছিল না, তাই আমি সেই চেষ্টা করেছি এবং সেটা কাজে লেগেছে।”

মাঠে থাকলে লিভারপুলের ফ্রি কিকগুলো সাধারণত নেন মোহামেদ সালাহ। এদিন তিনি থাকলেও শট নেন সোবোসলাই। অভিজ্ঞ ফরোয়ার্ডের সঙ্গে এ নিয়ে কী কথা হয়েছিল, বললেন তিনি।

“আমরা সবসময়ই এটা নিয়ে আলোচনা করব। তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি নিতে চাই কিনা। আমি বলেছিলাম, হ‍্যাঁ। কারণ আমি দেখেছিলাম কেউ শুয়ে নেই। বলেছিলাম, আমি দেয়ালের নিচ দিয়ে শট নেব। তিনি বলেন, ‘ঠিক আছে, শট নাও।’ আর আমি গোল করলাম।”

সাত ম‍্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগে চার নম্বরে আছে লিভারপুল।