জয়ের পর নেচে-গেয়ে অপমানের জবাব দিলেন সাউথগেট
ইংল্যান্ড সেমি-ফাইনালে ওঠার পর ভেতরে জমে থাকা সব ক্ষোভ ও অভিমান যেন উগরে দিলেন কোচ গ্যারেথ সাউথগেট।
এই তো, কদিন আগেই কত অপমানের শিকার হলেন গ্যারেন সাউথগেট। বিক্ষুব্ধ সমর্থেকরা বিয়ারের কাপ ছুড়ে মারলেন তাকে। সমালোচনা অনেক সময়ই রূপ নিল ব্যক্তিগত আক্রমণে। কথার তিরে ছিন্নভিন্ন করা হলো তাকে। সেই সাউথগেট এবার উচ্ছ্বসিত সমর্থকদের সামনে গিয়ে নিজেও মেতে উঠলেন উল্লাসে, উদযাপন করলেন গোটা দলের সঙ্গে নেচে-গেয়ে।
দলের সেমি-ফাইনালে ওঠার আনন্দ তো আছেই। আছে প্রবল চাপ থেকে মুক্তির স্বস্তিও। সব মিলিয়েই ইংল্যান্ডের জয়ের পর কোচের এমন বাঁধনহারা উদযাপন।
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে পিছিয়ে পড়েও সমতা ফিরিয়ে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে যায় ইংল্যান্ড। গত আসরের রানার্স আপ দল এবারও পৌঁছে যায় সেমি-ফাইনালে।
ইংল্যান্ডের কোচ হিসেবে সাউথগেটের এটি ছিল শততম ম্যাচ। জিততে না পারলে এটি হতে পারত তার শেষ ম্যাচও। যেভাবে সমালোচনার জোয়ারে তাকে ভাসানো হচ্ছিল, সেই স্রোতে চাকরিও ভেসে যেতে পারত। এজন্যই হয়তো তার উদযাপনও ছিল এমন আত্মহারা।
দলের সঙ্গে তার নাচ সবার এমন দৃষ্টি আকর্ষণ করল যে, ম্যাচ শেষে সেটির কারণও ব্যাখ্যা করতে হলো সাউথগেটকে।
“প্রায়ই তো মনে হয়, ‘এই কাজটায় নিশ্চয়ই কিছুটা উপভোগের ব্যাপারও আছে!’ তো, আজকের দিনে যদি উপভোগ করতে না পারি, তাহলে পুরো ব্যাপারটাই সময়ের অপচয়।”
সাউথগেটের কোচিংয়ে ইংল্যান্ডের খেলার ধরন নিয়ে অনেক সমালোচনা থাকলেও বড় আসরে তাদের ধারাবাহিকতাও চোখে পড়ার মতো। ২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলেছে ইংলিশরা, গত ইউরোতে খেলেছে ফাইনালে। গত বিশ্বকাপে তারা গিয়েছে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত।
এবারও শুরুর দিকে তাদের খেলা দেখে অনেকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। কিন্তু অনেকের ভবিষ্যদ্বানী ভুল প্রমাণ করে তারা জায়গা করে নিল শেষ চারে। সাউথগেটও নিজের ভেতরে জমে থাকা অভিমান আর ক্ষোভের দুয়ার খুলে দিলেন।
“এই ছেলেদের আমি ভালোবাসি, ওদের সঙ্গে এরকম সময়ে থাকতে ভালোবাসি। এই দায়িত্বটি আমি নিয়েছিলাম ইংলিশ ফুটবলকে আরও উন্নত করার চেষ্টা করতে। বিশ্বমঞ্চে আমাদের গ্রহণযোগ্যতা ফেরাতে চেয়েছিলাম। কাজেই অস্বীকার করব না, গত কয়েক সপ্তাহে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, মানুষ হিসেবে সময়টা কঠিন ছিল।”
“তবে আমরা লড়ে যাচ্ছি। লড়াই থামাচ্ছি না। যেমনটা বলেছি, আরও একবার আমরা সেমি-ফাইনালে এবং দেখব, কত দূর আমরা যেতে পারি।”
শুধু সেমি-ফাইনালে উঠে আসার জন্যই নয়, টুর্নামেন্টজুড়ে যেভাবে বিভিন্ন পরিস্থিতি সামলে ও প্রতিকূল অবস্থা থেকে দল এগিয়ে চলেছে, এটাও বাড়তি তৃপ্তি দিচ্ছে কোচকে।
“গতকাল রাতের ম্যাচ (স্পেন-জার্মানি) ম্যাচ দেখছিলাম আমরা। ছেলেদেরকে তখন বলেছি, ব্যাপারটা স্রেফ ভালো খেলার। স্পেন নিজেদের খেলায় মিশ্রণটা খুব ভালো করেছিল। ৭টি হলুদ কার্ড (৫টি) দেখেছে তারা। কিন্তু জয়ের পথ খুঁজে নিয়েছে।”
“আমাদের ছেলেরাও অন্য সব গুণ দেখাচ্ছে, সব পারিপার্শ্বিকতা সামলাচ্ছে দারুণভাবে। দুই দফায় খেলায় ফিরে আসা, এখন পেনাল্টি শুটআউটেও ওদের স্থৈর্য অনন্য। ওদেরকে নিয়ে আমি কী যে গর্বিত…!”
গত ইউরোর ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল ইংল্যান্ড। এরপর যেভাবে সমালোচনায় ক্ষতবিক্ষত করা হয়েছিল সাউথগেটকে, সেই বেদনা এখনও পোড়ায় সাউথগেটকে।
“এখনও পর্যন্ত চারটি শুটআউটে গিয়ে তিনটিই জিতেছি আমরা। অথচ যে একটিতে জিততে পারিনি, সেটিতেই শূলে চড়ানো হয়েছিল আমাদের।”
সেই ফাইনালে টাইব্রেকারে গোল করতে না পারার পর বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলে বুকায়ো সাকা। এবার দুর্দান্ত গোল করে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান এই ২২ বছর বয়সী তারকাই। দলের জয়ের পাশাপাশি সাকার সাফল্যও বাড়তি তৃপ্তি দিয়েছে কোচকে।
“মাঠে ওকে প্রবলভাবে আলিঙ্গন করেছি আমি। ও স্পেশাল একজন। ওর সঙ্গে কাজ করাটা স্বপ্নের মতো। দারুণ এক পরিবার এটি। অবশ্যই দলের সবার জন্যই তৃপ্তি পাচ্ছি। তবে ওর জন্য একটু বেশিই, বিশেষ করে ওর শট যখন জালে ঢুকল।”
টানা দ্বিতীয় ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার ইংল্যান্ড লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে।
