১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পিকফোর্ডের পানির বোতলে মেসিদের পেনাল্টির তথ‍্য

ম‍্যাচ শেষে ইংলিশ গোলরক্ষকের পানির বোতল পেয়ে যান আর্জেন্টিনা দলের একজন স্টাফ।

পিকফোর্ডের পানির বোতলে মেসিদের পেনাল্টির তথ‍্য
ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানি বোতল। ছবি: টিওয়াইসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 03:37 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

নিকো হন্সালেসের হাতে পানির একটি বোতল, গভীর মনোযোগ দিয়ে দেখছেন লিওনেল মেসি। এমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ওই বোতলের মালিক হলেন ইংল‍্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তাতে লেখা ছিল, টাইব্রেকারে গেলে আর্জেন্টিনার কে কোন দিকে সাধারণত শট নেন তার তথ‍্য।

এটা অবশ‍্য নতুন কিছু নয়। গোলরক্ষকরা সাধারণত পানির বোতলেই পেনাল্টির তথ‍্য নিয়ে রাখেন। তবে আর্জেন্টিনা নির্ধারিত সময়েই ম‍্যাচ জিতে নেওয়ায় ওই পানির বোতল বেশ হাস‍্যরসের জন্ম দিয়েছে।

অন‍্য সব ম‍্যাচের মতোই খেলা শেষ হওয়ার অনেক সময় পর পর্যন্ত মাঠেই ছিল আর্জেন্টিনা দল। হাঁটতে ঘটনাচক্রে পিকফোর্ডের পানির বোতল পেয়ে যান দলের মালিশকারী ড্যারি মার্সেলো আন্দ্রিয়া। 

হন্সালেস ও মার্কোস সেনেসির সঙ্গে পানির বোতল দেখছিলেন মেসি। পুরোপুরি অনুবাদ করতে পারছিলেন না আর্জেন্টিনা অধিনায়ক। পরে সেখানে আসেন এন্সো ফের্নান্দেস, সেখানে তার নামও ছিল। কোন দিকে শট নেবেন সেটা লেখা দেখে বেশ অবাক হন চেলসির এই মিডফিল্ডার। 

ড্যারির সঙ্গে মজা করে পরে আঙুল তুলে আকাশের দিকে ইশারা করেন ফের্নান্দেস। যেন খুব কৃতজ্ঞ তিনি যে ম‍্যাচ টাইব্রেকারে যায়নি। পিকফোর্ড কী ঠিক দিক ধারণা করেছিলেন? বোতলে লেখা ছিল, ফের্নান্দেস শট নিলে মাঝখানে দাঁড়িয়ে থাকতে হবে।