২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের আক্রমণভাগ ‘ভয়ঙ্কর’, কিন্তু আশাবাদী সাবিনা

রক্ষণ আর মাঝমাঠের দৃঢ়তা ধরে রাখতে পারলে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 07:11 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

মাঠের বাইরের নানা টানাপোড়ের প্রভাব সাবিনা-মারিয়া-মনিকাদের পারফরম্যান্সে পড়ছে না। দুর্বার গতিতে ছুটছে বাংলাদেশের উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার অভিযান। সেই লক্ষ্য ছোঁয়ায় শেষ ধাপে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুখোমুখি হলেন অধিনায়ক সাবিনা খাতুন। ফাইনাল নিয়ে লক্ষ্য, নিজের ভবিষ্যৎ পরিকল্পনাসহ আরও অনেক কিছু নিয়ে কথা বললেন মন খুলে।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী বুধবার দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গতবারের মতো এবারও মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ। গতবার দশরথের আঙিনাতেই ৩-১ গোলে জিতে প্রথম এই ট্রফির স্বাদ পেয়েছিল সাবিনারা। সেই স্বাদ আবারও নিতে রক্ষণ ও মাঝমাঠের মধ্যে দৃঢ় সংযোগের প্রয়োজনীতা দেখছেন অধিনায়ক।

বাইরের নানা বিতর্কের প্রভাব মেয়েদের মাঠের খেলায় পড়তে দেখা যাচ্ছে না। অধিনায়ক হিসেবে বিষয়টা কিভাবে ম্যানেজ করছেন?

সাবিনা খাতুন:  এটা বলতে পারেন খেলোয়াড়দের প্রতি খেলোয়াড়দের সমর্থন। মেয়েরা আসলে খেলছে তাদের নিজেদের জন্য, নিজের দেশের জন্য, এতটুকুই বলতে পারি।

ভুটানের বিপক্ষে ম্যাচে এসে প্রথম গোল পেলেন…

সাবিনা খাতুন: অভিজ্ঞ আর সিনিয়র প্লেয়ার আমি, আমার মনে হয় দলটাকে এখন একটা সেইপে রাখা প্রয়োজন। আর গোলের বিষয়টা হচ্ছে, আমাদের গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষ ছিল, ভারত ও পাকিস্তান ছিল, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কড়া পাহারায় ছিলাম, ভারতের বিপক্ষে ম্যাচে দলকে সমর্থন দেওয়ার জন্য একটু নিচে নেমে খেলতে হয়েছে। হ্যাঁ, প্লে-মেকারের ভূমিকাটাতেই একটু বেশি গুরুত্ব দিচ্ছি। 

তাহলে কি অধিনায়ক এখন নিজে গোল করার চেয়ে করানোর দিকে বেশি আগ্রহী?

সাবিনা খাতুন: আমি বরাবরই নিজে গোল করার চেয়ে অন্যকে দিয়ে গোল করানোটা বেশি পছন্দ করি। এমন ঘটনাও আছে, যেখানে আমি পোস্টের সামনে গিয়েও বল পাস দিয়ে দিয়েছি (যাতে সতীর্থরা গোল পায়), মালয়েশিয়া, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও এমন ঘটনা আছে। আসলে, কোচরা সবসময় বলতেন, তুলনামূলক ভালো পজিশনে যে আছে, তাকে দিয়ে গোল করাতে, আমিও সেটা অনুসরণ করার চেষ্টা করি।

ফাইনাল নিয়ে ভাবনা, গতকাল নেপাল-ভারত সেমি-ফাইনাল দেখেছেন?

সাবিনা খাতুন: গতকাল নেপাল-ভারতের ম্যাচটা নিয়ে কী বলব…এটা তো খুবই ভয়ানক ম্যাচ ছিল। অনেক সমর্থক মাঠে ছিল, আসলে অনেক চাপ থাকে যেকোনো দলের জন্যই। স্বাগতিক হলে তো এই সমর্থক তাদের জন্য সুবিধার। গতবারও মেয়েরা নেপালের বিপক্ষে এখানে খেলেছিল, এবারও খেলবে, তাদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করবে। অনেক নেপালি আছে, যারা আমাদের খেলার স্টাইলটা পছন্দ করে। আমরা ভালো খেললে আমি মনে করি না, তারা আমাদের খেলা অপছন্দ করবে। আমার মনে হয়, ফাইনাল ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।

ফাইনালে বাংলাদেশের রক্ষণের দৃঢ়তা কেমন হওয়া উচিত?

সাবিনা খাতুন: এরকম ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। আগাম কিছু অনুমান করা যায় না। আপনি ম্যাচে ১৫ সেকেন্ডের মধ্যেও গোল খেতে পারেন। ৯০ প্লাস মিনিটেও গোল খেতে পারেন। এটা নির্ভর করবে আপনার দলের কাঠামোর (পারফরম্যান্স) ওপর। আমার মনে হয়, আমরা যেভাবে গত তিনটা ম্যাচ খেলে এসেছি, ফাইনালেও আমাদের পরিকল্পনা থাকবে ওরকমই, কোচের যদি কোনো আলাদা ছক থাকে, সেটা আমি এখনও জানি না।

গতবারের সেই একই দৃঢ়তা এবার মনিকা-মারিয়া জুটির মধ্যে মাঝমাঠে দেখা যাচ্ছে বলে মনে করেন?

সাবিনা খাতুন: আসলে মারিয়া-মনিকার জুটি হচ্ছে সেরা। তাদের যে বোঝাপাড়া, আমার মনে হয় মারিয়া একটু দমে গিয়েছিল চাইনিজ তাইপের বিপক্ষের সেই ম্যাচে না থাকায়, এর পেছনে অনেক কারণ আছে। আমার মনে হয়, ওই সময় ওর পারফরম্যান্স নেমে গিয়েছিল, এছাড়াও আরও কিছু কারণ ছিল, যেটা আমি আসলে এখন কিছু বলতে চাচ্ছি না। সেটা অবশ্যই বলব, তবে টুর্নামেন্টের শেষে। কেননা, দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় যখন দমে যাবে, তাকে অনুপ্রাণিত করার কোনো ব্যবস্থা থাকবে না, তখন সেটা ওই খেলোয়াড় এবং দলের জন্য অবশ্যই খারাপ। 

আমার কাছে মনে হয়, মারিয়া-মনিকা যদি মাঠে দাঁড়াতে পারে, তাহলে তারা অবশ্যই প্রতিপক্ষের জন্য একটা হুমকি। ভারত বলুন, নেপাল বলুন, মারিয়া-মনিকার কথা শুনলেই তাদের কাছে আলাদা একটা ইয়ে (ভাবনা) হয়; সবশেষ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরেও তাদের অধিনায়কের সাথে এখানে (হোটেলে) আমার অনেকক্ষণ কথা হয়েছিল। সে নিজেও বলছিল, আমি তো বিস্মিত হয়ে গিয়েছি তোমাদের লাইন-আপ দেখে। যখন দেখেছি, সানজিদা ডান দিকে নেই, মাসুরা ডিফেন্সে নেই, মারিয়া মাঝমাঠে নেই, তখন আমি আমার কোচকে বলেছি, কোচ, ইনশাল্লাহ আমরা এদেরকে ইয়ে (আটকে) করে দিতে পারব। 

তো একটা খেলোয়াড়ের পারফরম্যান্স যদি নিচের দিকেও থাকে, প্রতিপক্ষের জন্য হুমকি আসলে কে, তাকে কাজে লাগানো আমার মনে হয় বেশি কার্যকর।

আক্রমণভাগের ক্রমোন্নতি দেখা যাচ্ছে…

সাবিনা খাতুন: এই জায়গাটা নিয়ে দুঃশ্চিন্তার জায়গাও আছে। দেখা যাচ্ছে, ফাইনালের চাপের ম্যাচে অনেক সময় গ্যালারির সমর্থকদের যে ব্যাপারটা, নার্ভাস হয়ে কেউ বল বাইরেও মেরে দিতে পারে। এরকম ঘটনাও হয়, কিন্তু আমার কাছে মনে হয়, টিম যদি একবার সেট হয়, তাহলে সমস্যা হবে না।

নেপালকে প্রতিপক্ষ হিসেবে কিভাবে দেখছেন, ওদের কোন জায়গাটা শক্তিশালী, কোনটা দুর্বল?

সাবিনা খাতুন: আমার কাছে মনে হয়, নেপাল সব বিভাগেই ভালো। আমার মনে হয়, রক্ষণ থেকে মাঝমাঠটা যদি আমরা গোছালো রাখতে পারি, আমার মনে হয় যে…(আমরা সাফল্য পাব)।

লাল কার্ড পাওয়ায় রেখা পোডেল এ ম্যাচে খেলতে পারবে না, চলতি সাফে সে নেপালের সর্বোচ্চ (৭টি) গোলদাতা…

সাবিনা খাতুন: সুবিধা আসলে বেশি হবে না, কেননা রেখার চেয়ে ভয়ঙ্কর ফরোয়ার্ড সাবিত্রা ভাণ্ডারি আছে ওদের আক্রমণভাগে। গতকালও সে দুর্দান্ত একটা গোল করেছে। ওর থাকাটা রক্ষণের জন্য অতিরিক্ত একটা চাপ। তাছাড়া ওদের আক্রমণভাগে বদলি যারা আছে, তারাও ভালো।

একটা জিতেছেন, আরেকটা জয়ের সম্ভাবনা আছে। সাবিনা আসলে কতদূর যেতে চায়?

সাবিনা খাতুন: আরও ৫-১০ বছর যেতে চাই। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা।