২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রাক-মৌসুম থেকেই ম্যান সিটি ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি’

শারীরিক ও মানসিকভাবে দল পুরোপুরি প্রস্তুত আছে, বলেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2024, 08:35 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

এক সপ্তাহের মধ্যে টানা তৃতীয় অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে আর্সেনাল। এবার ম্যানচেস্টার সিটির মাঠে খেলার চ্যালেঞ্জ তাদের সামনে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলছেন, লিগ চ‍্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত আছে তার দল।

প্রিমিয়ার লিগে গত রোববার টটেনহ্যাম হটস্পারের মাঠে ১-০ গোলে জেতে আর্সেনাল। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে তারা গোলশূন্য ড্র করে আতালান্তার সঙ্গে, প্রতিপক্ষের মাঠে।

তারপর খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না তারা। রোববার তারা প্রিমিয়ার লিগে খেলবে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। 

গত দুই মৌসুমেই লিগ শিরোপা জয়ের প্রবল সম্ভাবনা জাগায় আর্সেনাল। তবে শেষ পর্যন্ত তাদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় সিটি।

এবারও লিগ টেবিলে প্রথম দুটি স্থানে আছে এই দুই দল। ৪ ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গুয়ার্দিওলার সিটি। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। 

শুক্রবার সংবাদ সম্মেলনে আর্তেতা বললেন, অনেক আগে থেকেই সিটি ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করেছেন তারা। 

“আমরা প্রাক-মৌসুম থেকেই এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। অবশ্যই আমরা সূচি জানতাম এবং আমরা জানি যে, এই কন্ডিশনে ছয় দিনে তিনটি বড় অ্যাওয়ে ম্যাচ খেলা খুবই বিরল। কিন্তু এটাই বাস্তবতা, তাই শারীরিক, মানসিক ও কৌশলগতভাবে এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করেছি আমরা।”

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিন দেখায় আর্সেনালকে হারাতে পারেনি সিটি। দুই দলের লড়াইয়ে সিটির সবশেষ জয় ২০২৩ সালের এপ্রিলে।  

গত মৌসুমে লিগে ইতিহাদ স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।