২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা কোচকে ক্ষুব্ধ করে তরুণ প্রতিভা এখন পিএসজিতে

১৮ বছর বয়সী তুমুল প্রতিভাবান উইঙ্গারকে দলে নিতে আগ্রহী ছিল বেশ কটি বড় ক্লাব, তাকে ছাড়তে চায়নি বার্সেলোনাও।

বার্সা কোচকে ক্ষুব্ধ করে তরুণ প্রতিভা এখন পিএসজিতে
নতুন ক্লাবের জার্সি হাতে দ্রো ফের্নান্দেস। ছবি: পিএসজি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 12:00 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

গুঞ্জনগুলোই অবশেষে সত্যি হলো। বার্সেলোনাকে হতাশ করে পিএসজিতে পাড়ি জমালেন পেদ্রো ফের্নান্দেস, বেশি পরিচিত যিনি দ্রো ফের্নান্দেস নামেই। ১৮ বছর বয়সী উইঙ্গারকে দলে পেতে ৬০ লাখ ইউরো রিলিজ ক্লজের চেয়ে একটু বেশি অর্থ লেগেছে ফরাসি ক্লাবটির।

তুমুল প্রতিভাবান দ্রো ফের্নান্দেসকে বার্সেলোনার ভবিষ্যৎ ভাবছিলেন অনেকেই। তাকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলেছেন কোচ হান্সি ফ্লিক। কিন্তু কোচ ও গোটা ক্লাবকেই চমকে দিয়ে উঠতি এই ফুটবলার কিছুদিন আগে জানান, জানুয়ারির দলবদলেই ক্লাব ছাড়তে চান তিনি। মূলত নিয়মিত খেলার আশায় ক্লাব ছাড়ার এই তাড়না তার। 

তারপর থেকে তাকে পেতে উঠেপড়ে লাগে ইউরোপের বেশ কটি ক্লাব। শেষ পর্যন্ত তিনি বেছে নিলেন পিএসজিকে। সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, কোচ লুইস এনরিকে ফোনে কথা বলে তরুণ তারকাকে রাজি করিয়েছেন এই ক্লাবে যেতে।

২০২২ সালে ১৪ বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন দ্রো। তখন তাকে পেতে চেয়েছিল রেয়াল মাদ্রিদ ও রেয়াল বেতিসের একাডেমিও। কিন্তু তিনি বেছে নেন কাতালানদের। ‘বি’ দল হয়ে গত মৌসুমে তাকে মূল স্কোয়াডে রাখা হয়। ক্লাবের সঙ্গে মৌসুম-পূর্ব এশিয়া সফরেও ছিলেন তিনি। পরে এই মৌসুমেই লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় তার।

তবে নিয়মিত খেলার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ওঠেন তিনি। সব মিলিয়ে মোট ১৪৮ মিনিট তিনি খেলতে পেরেছেন। সবশেষ মাঠে নেমেছেন সেই ২ ডিসেম্বর। হান্সি ফ্লিক যে ঘরানায় ক্লাবকে খেলাচ্ছেন, সেখানে নিকট ভবিষ্যতে নিজের জায়গাও সেভাবে তিনি দেখছেন না। 

তার ক্লাব ছাড়তে চাওয়ার সিদ্ধান্ত জানার পর অবশ্য বেশ ক্ষুব্ধ ছিলেন ফ্লিক। শতভাগ নিবেদন ও প্রতিশ্রুতি না দেখানো ফুটবলাদের তার দরকার নেই বলে প্রকাশ্যেই মন্তব্য করেন তিনি। এছাড়াও বার্সেলোনা কোচ বলেন, আশেপাশের লোকেরা ভুল বোঝাচ্ছে দ্রোকে।

গত ১২ জানুয়ারি বয়স ১৮ পূর্ণ হয়েছে দ্রোর। বার্সেলোনা ম্যানেজমেন্টের ভাবনা ছিল, ১৮ হওয়ার পর নতুন রিলিজ ক্লজ রেখে নতুন চুক্তি করা হবে তার সঙ্গে। উল্টো তিনি তখন ক্লাব ছাড়তে চাওয়ার কথা জানান। 

তার সেই চাওয়া এবার পরিণতি পেল। নতুন ঠিকানায় পা রেখে তিনি জানালেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া। 

“পিএসজিতে যোগ দিয়ে আমি খুবই খুশি ও গর্বিত। আমার ও আমার পরিবারের জন্য মুহূর্তটি দারুণ গর্বের। এই জার্সিতে মাঠে নেমে নিজের সবটুকু উজাড় করে দিতে আমি রোমাঞ্চিত ও উজ্জীবিত।”