‘আমাদের দুয়ো দেওয়ার অধিকার রেয়াল সমর্থকদের আছে’
দলকে পথে ফিরিয়ে আবার সমর্থকদের মন জয় করতে চান রেয়াল মাদ্রিদের নতুন কোচ।
টানা দুই পরাজয়ে কোণঠাসা অবস্থান থেকে মাঠে নামার আগে বের্নাবেউকে পাশে চেয়েছিলেন রেয়াল মাদ্রিদ কোচ, যদিও তার সেই চাওয়া পূরণ করেনি ক্লাব সমর্থকরা। লেভান্তের বিপক্ষে ম্যাচজুড়ে দুয়ো শোনার পর কোচ আলভারো আরবেলোয়া মেনে নিলেন, দলকে দুয়ো দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে সমর্থকদের।
মাস দুয়েক ধরেই নিজেদের হারিয়ে খুঁজছে রেয়াল মাদ্রিদ। মাঠের পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। গত সপ্তাহে হতাশার মাত্রা বেড়েছে আরও; টানা দুই পরাজয়ে একটি ট্রফি হাতছাড়া হয়েছে, আরেক প্রতিযোগিতা থেকে আগেভাগে ছিটকে গেছে দল।
গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় রেয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ওই হারের পরদিনই চাকরি হারান কোচ শাবি আলোন্সো। তার জায়গায় দায়িত্ব পান আরবেলোয়া। ক্লাবের সাবেক এই ডিফেন্ডারের কোচিংয়ে গত বুধবার দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে একই ব্যবধানে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নেয় স্পেনের সফলতম ক্লাবটি।
দলের এমন ছন্নছাড়া অবস্থায় সমর্থকদের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। ঘরের মাঠে শনিবার নামার আগে সেটা হয়তো আন্দাজ করতে পেরেছিলেন নতুন কোচ। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তাই চেয়েছিলেন সমর্থন।
লেভান্তের বিপক্ষে অনেকটা সময় ধরেই অবশ্য ধুঁকতে দেখা যায় রেয়ালকে। নিজেদের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও ছিল না তারা। ঘরের মাঠে সমর্থকদের ক্ষোভও তাই বাড়তে থাকে, তারা দিতে থাকে দুয়ো। তাদের প্রধান লক্ষ্য ছিল ভিনিসিউস জুনিয়র ও জুড বেলিংহ্যাম।
পরে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপে ও রাউল আসেন্সিওর গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রেয়াল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে সমর্থকদের অমন প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন ছুটে যায় আরবেলোয়ার কাছে। উত্তরে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় এটা অস্বাভাবিক নয়।
“বের্নাবেউয়ের (সমর্থকদের) প্রতি সবসময়ই আমার অনেক সম্মান আছে। আমিও অনেকবার দুয়ো শুনেছি এবং ক্লাবের উঁচূ মানই আমাদের সেরা বানিয়েছে…সমর্থকরা জানেন, আমরা আরও অনেক ভালো খেলতে পারি, রেয়াল মাদ্রিদের মানে।”
“আমরা ভালো একটা সপ্তাহ কাটাইনি এবং সমর্থকদের পূর্ণ অধিকার আছে আমাদের দুয়ো দেওয়ার। এখন কোচ হিসেবে আমাকে তাদের ভালোবাসা অর্জন করতে হবে। আমাকে নিয়েও দুয়ো দেওয়া হয়েছে।”
এদিন কেবল খেলোয়াড়দেরকেই দুয়ো দেওয়া হয়নি, রেয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসকে নিয়েও ক্ষোভ জানিয়েছে সমর্থকরা।
তবে ভীষণ প্রতিকূল পরিবেশেও কাঙ্ক্ষিত জয় পেয়েছে রেয়াল। এতে লিগ টেবিলেও আপাতত কিছুটা স্বস্তিতে আছে তারা। শীর্ষস্থানের সঙ্গে ১ পয়েন্ট ব্যবধানে উঠে এসেছে দলটি।
২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
