২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬-১৮ বছর বয়সীদের ‘অবশ্যই খেলানোর’ অনুমোদন মেলেনি

উইমেন’স প্রিমিয়ার লিগ টেবিলে ওপরের চারটি দলকে কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2024, 09:42 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

দুদিন আগে পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, প্রিমিয়ার লিগের প্রতিটি দলে ১৬ থেকে ১৮ বছর বয়সী দুজন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন করানোর এবং একজনকে বাধ্যতামূলকভাবে শুরুর একাদশে খেলানোর। সিদ্ধান্তটি দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থার নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন পায়নি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে শুক্রবার বৈঠকে বসে নির্বাহী কমিটি। সেখানেই নারী ফুটবল দলগুলোকে চারটি কাউন্সিলরশিপ দেওয়া, বার্ষিক সাধারণ সভার মতো অনেক বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এলেও উঠতি খেলোয়াড়দের শীর্ষ পর্যায়ে খেলার সুযোগের বিষয়টি অনুমোদন পায়নি।

সভা শেষে বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া বলেন, সদস্যদের ‘যুক্তি আর অতীত অভিজ্ঞতায়’ অনুমোদন পায়নি ১৬-১৮ বছর বয়সীদের সুযোগের বিষয়টি।

“বোর্ডে ওটা অনুমোদিত হয়নি। বোর্ডে আসলে অনেকে আছেন, যারা বিভিন্ন ক্লাব চালান। তারাও উপস্থিত ছিলেন। তাদেরও বিভিন্ন ধরনের যুক্তি ছিল। আমরাও একমত হতে পেরেছি যে, ওইভাবে দিতে গেলে…অতীতের কিছু অভিজ্ঞতাও টানা হয়েছে, পেশাদার লিগ এগুলো কাভার করে না।”

আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে বাফুফের ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভা। নির্বাচন অক্টোবরে; এর তোড়জোড়ও শুরুর ইঙ্গিত মিলেছে উইমেন’স প্রিমিয়ার লিগের দলগুলোকে কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্তে। বাফুফে সহ-সভাপতি জানালেন, বার্ষিক সাধারণ সভায় চূড়ান্ত হবে লিগে সেরা চার দলকে কাউন্সিলরশিপ দেওয়ার বিষয়টি।

“আমাদের সভাপতি (কাজী সালাউদ্দিন) মনে করেন বাংলাদেশ নারী ফুটবলে ভালো করছে। সাফে চ্যাম্পিয়ন হয়েছে। নারী লিগে ক্লাবগুলো কাউন্সিলরশিপ পেলে আরও উৎসাহিত হবে। তাই বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে সবাইকে দেওয়া হচ্ছে না। শীর্ষ চার দল পাবে। এখন বার্ষিক সাধারণ সভায় সদস্যরা তা পাস করলে তাহলেই ভোট দিতে পারবে। আমরা আগেই ফিফাকে বলেছি কাউন্সিলরশিপ কমাবো না।”

চলমান প্রিমিয়ার লিগ থেকে একটি ক্লাব অবনমিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পাইওনিয়ার লিগ অনূর্ধ্ব-১৪, তৃতীয় বিভাগে অনূর্ধ্ব -১৬ ও দ্বিতীয় বিভাগে অনূর্ধ্ব-২০ বয়সীদের নিয়ে আয়োজনের সিদ্ধান্তও হয়েছে নির্বাহী কমিটির সভায়।