Published : 25 May 2026, 09:44 AM
ফ্রি কিক নিয়েই বাঁ উরুর ওপরের অংশে হাত দিয়ে ধরলেন লিওনেল মেসি। একটু পরই ইশারায় বদলির অনুরোধ করলেন তিনি। মাঠ থেকে সোজা বেরিয়ে চলে গেলেন ড্রেসিং রুমে। এই দৃশ্যটায় নিশ্চিতভাবেই শঙ্কার বার্তা পৌঁছে গেল আর্জেন্টিনায় এবং গোটা বিশ্বে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচের বাকি আর সপ্তাহ তিনেক!
মেজর লিগ সকারে বাংলাদেশ সময় সোমবার ভোরে ফিলাডেলফিয়ার সঙ্গে ইন্টার মায়ামির ম্যাচের ঘটনা এটি। বিশ্বকাপের আগে মায়ামির শেষ ম্যাচ ছিল এটি। ঘরের মাঠে ম্যাচের ৭৩তম মিনিটে মাঠ ছেড়ে যান মেসি।
৭০তম মিনিটে ফ্রি কিক নেওয়ার পরই পেশিতে অস্বস্তি অনুভব করেন মায়ামি অধিনায়ক। পরে কিছুটা সময় খুব একটা দৌড়াতে দেখা যায়নি তাকে। ৭৩তম মিনিটে তার বদলি হিসেবে মাঠে নামানো হয় তরুণ আর্জেন্টাইন মাতেও সিলেভেতিকে।
১০ গোলের দারুণ নাটকীয় এই ম্যাচে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৬-৪ গোলে জিতেছে মায়ামি। কিন্তু মেসির চোটে আড়াল হয়ে গেছে ম্যাচের অন্য সবকিছু।
এই রাউন্ডের ম্যাচের পরই বিশ্বকাপের জন্য দীর্ঘ দুই মাসের বিরতি থাকবে মেজর লিগ সকারে।
গত মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি চলতি মৌসুমেও অসাধারণ ফর্মে আছেন। ১৪ ম্যাচে ১২ গোল করেছেন তিনি, অ্যাসিস্ট করেছেন ৮ গোলে। গোলে অবদানের ক্ষেত্রে তিনি এখন শীর্ষে।
বিশ্বকাপ এখন এত কাছে যে, মেসির চোট নিয়ে দুর্ভাবনার যথেষ্টই কারণ আছে আর্জেন্টিনার। বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াড অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। মেসি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি বিশ্বকাপে খেলার। তবে বিশ্ব আসরে তার খেলা নিয়ে সত্যিকারের সংশয়ও খুব একটা ছিল না। কিন্তু এই চোটের পর এখন প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে।
ইন্টার মায়ামির ভারপ্রাপ্ত কোচ গিয়ের্মো ওশো অবশ্য ম্যাচের পর যা বললেন, তাতে কিছুটা স্বস্তি মিলতে পারে আর্জেন্টিনায়।
“এ বিষয়ে (মেসির চোট) আমাদের কাছে এখনও কোনো রিপোর্ট আসেনি। কিন্তু আমি যতদূর জানি, সে সত্যিই ক্লান্ত ছিল। ক্লান্তির কারণেই হয়েছে এমন…।”
“হ্যাঁ, এটা ক্লান্তিই ছিল। সে ক্লান্ত ছিল, মাঠ ভারী ছিল, এবং কোনো সংশয় রাখার চেয়ে ঝুঁকি না নেওয়াই ভালো।”
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। 'জে' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।