বন্দুকধারীর গুলিতে একুয়েডরের ফুটবলারের মৃত্যু
জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলা এই ফুটবলারের ওপর হামলার ঘটনার তদন্ত এখন চলমান।
একুয়েডরের শহর গুয়ায়াকিলে সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির ফুটবলার মারিও পিনেইদা।
তার ক্লাব বার্সেলোনা স্পোর্তিং খবরটি নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর, গুয়ায়াকিলের উত্তরে একটি দোকানের বাইরে বুধবার বন্দুকধারীর গুলিতে মারা যান ৩৩ বছর বয়সী ফুটবলার। তার মৃত্যুতে শোকাহত তার ক্লাব।
দেশটির পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে। ওই আক্রমণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।
ক্যারিয়ারে কিছুদিন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসিতেও খেলেন পিনেইদা। ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে একুয়েডর জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছিলেন তিনি।
